কারখানা খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দেশ উপেক্ষা করে কারখানা খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএর সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম। রাজধানীর মিরপুরে আজ শনিবার সকালে কয়েকটি পোশাক কারখানা খোলা রাখার প্রতিবাদে ওই এলাকায় একটি বাস ও একটি কারখানা ভাঙচুর করেন শ্রমিকেরা। এ ঘটনার পর যোগাযোগ করা হলে শহিদউল্লাহ আজিম প্রথম আলো ডটকমকে এসব কথা বলেন। সাভারের ভবনধসের ঘটনায় উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে আজ বেলা তিনটার দিকে বিজিএমইএ পরিচালনা পর্ষদের জরুরি সভা হবে। সমিতির সভাপতি আতিকুল ইসলাম এতে সভাপতিত্ব করবেন। এ বিষয়ে শহিদউল্লাহ আজিম বলেন, আজকের সভায় সাভারের ভবনধস, কারখানার নিরাপত্তা নিশ্চিত ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। গত দুই দিন সাভারের ভবনধসের ঘটনায় জড়িত ভবন মালিক ও পোশাক কারখানা মালিকদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেন। পরিস্থিতি শান্ত রাখতে গতকাল শুক্রবার রাতে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে আজ শনিবার ও কাল রোববার সব পোশাক কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে বন্ধ থাকলেও শ্রমিকেরা এই দুই দিনের বেতন পাবেন বলে নিশ্চিত করেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।