কারখানা-গৃহস্থালি বর্জ্যে দূষিত কর্ণফুলী হালদা বাকখালী
চট্টগ্রাম ও কক্সবাজার জেলার তিনটি নদী মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। কলকারখানা, আবাসিক ও গৃহস্থালি বর্জ্যের কারণে দিন দিন এ দূষণ বাড়ছে।নদী তিনটি হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত হালদা এবং কক্সবাজারের বাকখালী। তবে বাকখালী নদীর অবস্থা এখনো কর্ণফুলী বা হালদার মতো ভয়াবহ নয়। গত এপ্রিলে পরিবেশ অধিদপ্তর তিন নদীর পানির নমুনা পরীক্ষা করে দূষণের প্রমাণ পায়।অধিদপ্তর সূত্র জানায়, তিন নদীর মধ্যে সবচেয়ে বেশি দূষিত হয়েছে কর্ণফুলী নদী। আবার বিভিন্ন খাল নদীর যে জায়গায় এসে মিশেছে সেখানে পানিতে বেশি দূষণ পাওয়া গেছে। টিএসপি, কাফকো ও সিইউএফএল সার কারখানা এলাকার নদীর পানিতেও দূষণের মাত্রা বেশি পাওয়া গেছে।নদীর বিভিন্ন স্থানের পানি পরীক্ষায় দ্রবীভূত অক্সিজেন (ডিও), মোট দ্রবীভূত বর্জ্য (টিডিএস) এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড (বিওডি) আদর্শ মানের চেয়ে অনেক ওপরে-নিচে পাওয়া গেছে।প্রতি লিটারে সাড়ে চার থেকে সাড়ে আট ডিও এবং ৫০ মিলিগ্রামের নিচে বিওডি পাওয়া গেলে ওই পানিকে দূষিত বলে ধরা হয়। আর লিটারে দুই হাজার ১০০ টিডিএসের বেশি হলে পানি দূষিত বলে চিহ্নিত হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘কর্ণফুলী দূষণের দায়ে আমরা প্রায় ৫০টি বড় শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আরও হাজার হাজার প্রতিষ্ঠান দূষণ করে যাচ্ছে।’গত এপ্রিলে পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, কর্ণফুলীর টিএসপি-সংলগ্ন উজান ও ভাটিতে এসএসের (সাসপেন্ডেড সলিড) পরিমাণ প্রতি লিটারে যথাক্রমে ৪০১ ও ৪১২ মিলিগ্রাম। একইভাবে সিইউএফএল-সংলগ্ন এলাকার পানিতে এসএস ৭২০ ও ৭৪৩ মিলিগ্রাম পাওয়া গেছে। দূষণমুক্ত পানিতে এসএসের পরিমাণ প্রতি লিটারে ১০০ মিলিগ্রামের বেশি হওয়ার কথা নয়।টিএসপি ও সিইউএফএল এলাকায় মোট দ্রবীভূত সলিডের (টিডিএস) পরিমাণ প্রতি লিটারে সর্বোচ্চ আট হাজার ৬০৫ ও ছয় হাজার ৮৪০ মিলিগ্রাম পাওয়া গেছে। এ ছাড়া ডিওর পরিমাণ সর্বনিম্ন ৫ দশমিক ৫ মিলিগ্রাম ও বিওডি পাওয়া গেছে সর্বনিম্ন ১ দশমিক ৮ মিলিগ্রাম।কর্ণফুলী নিয়ে গবেষণারত ইদ্রিস আলী বলেন, কর্ণফুলী দূষণ চলছে। এটাতে জোয়ার-ভাটা আছে বলে দূষণের ভয়াবহতা কম টের পাওয়া যায়। টিডিএস ও এসএস যদি বেড়ে যায়, তাহলে ধরে নিতে হবে দূষণ খুব বেশি। এ ছাড়া দ্রবীভূত অক্সিজেনের পরিমাণও ধীরে ধীরে কমে আসছে। ফলে জলজ জীবের জন্য এটা বিরাট হুমকি।গত বছরের জানুয়ারিতে পরিবেশ অধিদপ্তরের করা আরেক জরিপে দেখা গেছে, চাক্তাই, মাঝিরঘাটসহ বিভিন্ন খালের মুখে নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্যের কোঠায় নেমে গেছে। চাক্তাই খালের মুখে ডিওর ঊনাত্মক মান পাওয়া গেছে।হালদা: পরিবেশ অধিদপ্তর এপ্রিলে হালদা নদীর বিভিন্ন স্থানের পানি পরীক্ষা করেও দূষণের প্রমাণ পায়। এ নদীতে ভাসমান সলিড পাওয়া গেছে সর্বোচ্চ ২৯৭ মিলিগ্রাম। এসএস পাওয়া গেছে ২০৩ মিলিগ্রাম। ডিও আস্তে আস্তে কমে আসছে। দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় প্রতি লিটারে ৫ দশমিক ৫ মিলিগ্রাম।হালদা গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মঞ্জুরুল কিবরিয়া বলেন, প্রাকৃতিকভাবে হালদার পানি ঘোলা থাকে। তাই টিডিএস ও সাসপেন্ডেড সলিড যে পরিমাণ পাওয়া গেছে, তা হালদা অনুযায়ী ঠিকই আছে। তবে যখন স্থানীয় কাগজকলগুলো তাদের বর্জ্য ছাড়ে তখন এসব উপাদান বেশি বেড়ে যায়। ফলে তখন মাছ মারা যায়।বাকখালী: এ নদীর মাঝের ঘাট এলাকায় টিডিএস পাওয়া গেছে প্রতি লিটারে সর্বোচ্চ নয় হাজার ১১০ মিলিগ্রাম। মাঝের ঘাট ও ফিসারি ঘাট এলাকায় লবণাক্ততা পাওয়া গেছে প্রতি লিটারে যথাক্রমে সাত হাজার ১১০ ও সাত হাজার ৪৮০ মিলিগ্রাম। লবণাক্ততার আদর্শ মান নদীর পানিতে সর্বোচ্চ ৬০০ মিলিগ্রাম। এ ছাড়া এসএস ও সিওডি নির্ধারিত মান থেকে বেশি বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, মাত্রাতিরিক্ত টিডিএসই বলে দেয় নদীটি আস্তে আস্তে দূষিত হয়ে পড়ছে।তবে একই এলাকার মাতামুহুরী নদী সার্বিকভাবে এখনো ভালো আছে বলে নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে।অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, নদী তিনটির পানি পরীক্ষায় দূষণের প্রমাণ পাওয়া গেছে। দূষণ নিয়ন্ত্রণের জন্য অধিদপ্তরের অভিযান চলবে। এ জন্য কারখানার মালিক থেকে শুরু করে সুশীল সমাজ সবার সহযোগিতা দরকার।