কারখানা বন্ধে অনড় মালিকেরা, আশুলিয়া শান্ত
কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তে এখনো অনড় পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনাও শুরু হয়নি। আর কারখানা বন্ধ করার সিদ্ধান্তে সংহতি জানিয়েছেন ঢাকার অন্যান্য পোশাকশিল্পের মালিকেরা। আশুলিয়ার পোশাকশিল্পের মালিকদের সঙ্গে সংহতি জানিয়ে বিজিএমইএর সভাপতির হাতে গতকাল সোমবার প্রতীকী চাবি তুলে দিয়ে ঢাকা মহানগরের পোশাক কারখানার মালিকেরা আশুলিয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় বিজিএমইএ সারা দেশের কারখানা বন্ধের মতো সিদ্ধান্ত নিলে মালিকেরা তা মেনে নেবেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে গতকাল রাত আটটায় এই প্রতীকী চাবি হস্তান্তর অনুষ্ঠান হয়। বিজিএমইএর সভাপতি সফিউল ইসলামের হাতে ঢাকা মহানগর পোশাকশিল্পের মালিকদের পক্ষে চাবি তুলে দেন গাজীপুরের ডট কম সোয়েটারের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হাসান।এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বর্তমান সহসভাপতি মো. আতিকুল ইসলাম প্রমুখ। এর আগে মিরপুর, টঙ্গী, গাজীপুর, কাঁচপুর, নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের পোশাকশিল্পের মালিকদের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বিজিএমইএর নেতারা।সৈয়দ ফয়জুল হাসান বলেন, ‘আশুলিয়ার পোশাকশিল্পের মালিকদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। সভাপতির হাতে প্রতীকী চাবি তুলে দেওয়ার অর্থ হলো, যদি সাম্প্রতিক ঘটনা শক্ত হাতে দমন না করা হয়, তবে আমরা সব কারখানা বন্ধ করতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘প্রয়োজনে বিজিএমইএ কারখানা বন্ধের সিদ্ধান্ত নিলে তা আমরা মেনে নেব। সে জন্য সভাপতিকে আমরা পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে গেলাম।’ তিনি আরও বলেন, আশুলিয়ার ঘটনার পর বিদেশি ক্রেতারা কার্যাদেশ প্রত্যাহার করা শুরু করেছেন। এতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে।সফিউল ইসলাম বলেন, ‘আশুলিয়ার মতো আর কোনো কারখানা আক্রান্ত হলে দেশের সব পোশাক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব। আমাদের হাতে আর কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, পোশাক খাতের উৎপাদন ফিরিয়ে আনতে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অপশক্তির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কাজ যত বিলম্বিত হবে, দেশ অর্থনৈতিকভাবে ততই পিছিয়ে পড়বে।’ আশুলিয়ার পোশাক কারখানা খোলার বিষয়ে কোনো আলোচনা বা আশ্বাস এখনো আসেনি বলে জানান সফিউল ইসলাম। আশুলিয়া শান্ত: সাভার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সোমবার আশুলিয়া শান্ত ছিল। শ্রমিকদের রাস্তায় দেখা যায়নি। গতকাল সকাল থেকেই আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যানবাহন চলেছে। বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পুলিশ মোতায়েন ছিল।এদিকে, গত মঙ্গলবার থেকে চলা সংঘর্ষের ঘটনায় আশুলিয়া থানায় হওয়া মোট চারটি মামলায় অন্তত ১৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় গত রোববার রাতে ১০ জনকে ও গতকাল পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল আশুলিয়ার ভাদাইল, ঘোষবাগ, জামগড়া, নিশ্চিন্তপুর, ডেন্ডাবর, পলাশবাড়ীসহ আশপাশের এলাকার শ্রমিকেরা বাসাতেই ছিলেন। রাস্তা ছিল ফাঁকা। অনেক জায়গায় বাসা বা মেসের সামনে তাঁদের জড়ো হয়ে আলোচনা করতে দেখা যায়। কয়েকজন শ্রমিক বলেন, তাঁরা কাজে ফিরে যেতে চান। তবে তার আগে বেতন বাড়ানোর জন্য মালিকদের কাছে অনুরোধ করেন তাঁরা। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ায় গ্রেপ্তার ও পুলিশি হয়রানির আতঙ্কের কথা বলেছেন কয়েকজন শ্রমিক।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, টানা সংঘর্ষের ঘটনায় আশুলিয়া থানায় গত বৃহস্পতিবার তিনটি ও শনিবার একটি মামলা হয়েছে। এর মধ্যে গাড়ি পোড়ানোর অভিযোগে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ, ভাঙচুর-লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়ার আইডিএস গ্রুপ দুটি পৃথক মামলা করেছে। এ ছাড়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও মো. হাফিজ ভাঙচুর, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন। পুলিশ জানায়, এসব মামলায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুদ্দীন বিপ্লব, স্থানীয় বিএনপি ও যুবদল নেতাসহ অন্তত ১৫ হাজার শ্রমিককে আসামি করা হয়েছে।