কারখানা সরানোর দাবিতে সোচ্চার কেরানীগঞ্জ
কেরানীগঞ্জের হাসনাবাদসহ আশপাশের ১০টি গ্রামের বাড়িঘর, স্কুল-কলেজ, দোকানপাট এখন পোস্টারে ছেয়ে গেছে। মানুষের হাতে হাতে লিফলেট। গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড নামের কারখানা সরানোর দাবিতে সোচ্চার সবাই।সুসচেতন নাগরিক কমিটির ব্যানারে হাসনাবাদ, ইকুরিয়া, বেয়াড়া, দোলেশ্বর, আইন্তা, মোকামপাড়া, মজিদবেয়ারা, আড়াকুল, মীরেরবাগ ও পানগাঁওয়ের বাসিন্দারা গতকাল শনিবারও দফায় দফায় বৈঠক, মিছিল ও সমাবেশ করেছেন। কমিটির আহ্বায়ক ওসমান গণি প্রথম আলোকে বলেন, কারখানার মালিক ওষুধ তৈরির কথা বলে নানা রকম এসিডজাতীয় জিনিসের কারবার করছেন। কয়েক বছর ধরে এলাকার বাতাসে ঝাঁজালো গন্ধ, গাছপালায় ফল ধরে না এবং এলাকার মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে। তাঁরা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। সবশেষ ১৬ অক্টোবর কারখানায় বিস্ফোরণ ঘটার পরও তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু কারখানার মালিক তাঁদের ‘তোয়াক্কা’ করছেন না।প্র্রথম বুড়িগঙ্গা সেতু ধরে পশ্চিম দিকে এক কিলোমিটার এগোলে হাসনাবাদ গ্রাম। জনবহুল এ গ্রামে গ্লোবাল হেভি কেমিক্যাল কারখানা। হাসনাবাদ বাজারের মোড়ে জমায়েত হওয়া লোকজন গতকাল প্রথম আলোকে বলেন, কারখানায় মালামাল সরবরাহকারী ব্যবসায়ী হাজি আবদুর রহমান এবং স্থানীয় মাস্তান দিয়ে কারখানার মালিক তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. সেলিম বলেন, মানুষের জীবন বিপন্ন। জীবন বাঁচাতে যা কিছু করা দরকার, তাঁরা তা-ই করবেন।গত ১৬ অক্টোবর এ কারখানায় বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, ওই দিন পাইপে ছিদ্র হয়ে প্রচণ্ড বেগে ক্লোরিন গ্যাস বের হয়। অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন ফায়ার সার্ভিসের কর্মীরাও।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম বলেন, ক্লোরিন বিপজ্জনক পদার্থ। শ্বাসপ্রশ্বাসের মধ্য দিয়ে যদি কারও শরীরে এই গ্যাস প্রবেশ করে, তাহলে তার পুরো শ্বাসযন্ত্র আক্রান্ত হবে।১৬ অক্টোবর বিস্ফোরণের পর ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক শেখ মিজানুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণের বা রাসায়নিক পদার্থজনিত দুর্ঘটনা মোকাবিলায় কোনো সরঞ্জাম নেই। তিনি জানান, বাতাসে ৪ শতাংশ ক্লোরিন মিশলে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। ওই বিস্ফোরণে ছড়িয়ে পড়া ক্লোরিনের পরিমাণ এর কাছাকাছি ছিল।গতকাল শনিবার কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কারখানার দরজা ঘিরে দাঁড়ান প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়কসহ বেশ কয়েকজন কর্মী। এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক মো. আরিফ খান বলেন, কারখানায় ব্লিচিং পাউডার, কস্টিক সোডা ইত্যাদি বানানো হয়। সে জন্য ক্লোরিন, হাইপোক্লোরাইড ইত্যাদি রাসায়নিক দ্রব্য ব্যবহূত হয়ে থাকে। তিনি দাবি করেন, ‘ডিজিটাল’ উন্নয়ন বলতে যা কিছু বোঝায়, এলাকায় তাঁদের মালিক ক্যাপ্টেন সবুর খানই সব করেছেন।তবে সবুর খানের সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বর দিতে কারখানার লোকজন অস্বীকৃতি জানান। ব্যবস্থাপক গোপাল চন্দ্র কুন্ডু বলেন, ওই দিন একটা দুর্ঘটনা ঘটেছিল। এরপর তাঁরা নিরাপত্তামূলক সব ব্যবস্থা নিয়েছেন। তিনি দাবি করেন, কারখানার ওপর আবাসন ব্যবসায়ীদের চোখ পড়েছে। তারাই এলাকার লোকজনকে মদদ দিচ্ছে।প্রশাসন নিশ্চুপ, এলাকাবাসী উদ্বিগ্ন: সুসচেতন নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাজি মো. রহমতউল্লাহ বলেন, গত এক মাসে তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসক, স্থানীয় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারখানা সরানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছেন। কিন্তু গতকাল পর্যন্ত কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। কমিটির নেতারা দাবি করেন, গত শুক্রবার হাসনাবাদ ঘাটে কারখানার লবণ সরবরাহকারী কার্গো জাহাজ এমভি ব্লু আইল্যান্ডে অগ্নিসংযোগের ঘটনায় সুসচেতন নাগরিক কমিটির কেউ যুক্ত ছিলেন না। তাঁদের ধারণা, কারখানা কর্তৃপক্ষ আন্দোলন দমাতে ওই জাহাজে ভাড়া করা লোকজন দিয়ে আগুন লাগায়। তবে কারখানার তত্ত্বাবধায়ক এই অভিযোগ অস্বীকার করেন। গতকাল রাত পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ এ ব্যাপারে থানায় কোনো মামলা করেনি।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তর কারখানাটিকে জরিমানা করেছে বলে তিনি শুনেছেন। তবে কারও বিরুদ্ধে থানায় মামলা হয়নি।এলাকাবাসীর এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম ফখরুজ্জামান বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কারখানাটি স্থানান্তর করা দরকার বলে মনে করি।’ এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান।