কারখানায় পানি পানে তিন শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর সদর উপজেলার ভোগরা এলাকায় আজ বুধবার সকালে তৈরি পোশাক কারখানায় ট্যাপ থেকে সরবরাহ করা পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। লাবিব গ্রুপের স্টার লাইট নামের কারখানায় এ ঘটনা ঘটে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, পানি পান করে শ্রমিক অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে পুলিশ ওই কারখানায় যায়। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। বেলা একটা পর্যন্ত তিন শতাধিক শ্রমিককে হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।ওসি জানান, জেলার সিভিল সার্জনকে বিষয়টি জানানো হয়েছে। পানি পানের পর এত শ্রমিক কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন, বিষয়টি খতিয়ে দেখতে তাঁকে অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পোশাক কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বেলা একটা পর্যন্ত অসুস্থ শ্রমিকদের মধ্যে ৮৫ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর এ তথ্য জানিয়ে বলেন, হাসপাতালে আর জায়গা নেই। নতুন কাউকে ভর্তি করা হচ্ছে না। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক মাহফুজা বলেন, বিষক্রিয়ার কারণে এমন হয়েছে। তবে মারাত্মক কিছু নয়। সবাই আশঙ্কামুক্ত বলে তিনি জানান। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাসপাতালে ওই ঘটনায় অসুস্থ শতাধিক পোশাক-কর্মীকে ভর্তি করা হয়েছে।