কারখানার তরল বর্জ্যে ক্ষতিগ্রস্ত মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের শিল্পকারখানাগুলো থেকে তরল বর্জ্য এসে পড়ছে মহাসড়কের ওপর। এলাকাবাসী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের অভিযোগ, দিনের পর দিন জমে থাকা দূষিত পানি রাস্তার ক্ষতি করছে।গতকাল রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার শতাধিক শিল্পকারখানার তরল বর্জ্য এইচ এম আরিফ কলেজের সামনের রাস্তা ভাসিয়ে মহাসড়কে এসে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন এই তরল বর্জ্য রাস্তার ওপর জমে থাকে। দূষিত ও নোংরা পানির দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটাচলা করা যায় না।এলাকার ব্যবসায়ী মো. হাসান বলেন, বিসিক শিল্প এলাকার ভেতরে অনেক কারখানা আছে, যেগুলোর পানিনিষ্কাশনের কোনো নালা নেই। অনেক আগে থেকে নোংরা পানি এসে রাস্তার ওপর পড়ছে। এতে রাস্তা নষ্ট হচ্ছে।কোনাবাড়ীর এইচ এম আরিফ কলেজের কয়েকজন ছাত্র অভিযোগ করেন, বিসিকের বর্জ্য পানি তাঁদের কলেজের সামনে এবং মহাসড়কের পাশে গিয়ে জমা হয়। পথচারীদের হাঁটাচলায় সমস্যার পাশাপাশি নোংরা পানিতে অনেকের জামাকাপড় নষ্ট হয়ে যায়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানিনিষ্কাশনব্যবস্থা অপর্যাপ্ত। বৃষ্টি হলেই মহাসড়কে পানি জমে যায়। তার ওপর পাশের কারখানাগুলো থেকে তরল বর্জ্য এসে রাস্তার ওপর জমা হলে রাস্তায় খানাখন্দের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস, বাসন, চন্দ্রা চৌরাস্তা এবং শ্রীপুরের মাওনা এলাকায় কারখানার সংখ্যা বেশি। এসব জায়গার মহাসড়কে পানি জমে ছোট-বড় গর্ত তৈরি হয়।সওজ বিভাগের গাজীপুর জেলার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কারখানার তরল বর্জ্য রাস্তা ও পরিবেশ উভয়ের জন্যই ক্ষতিকর। ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে অসংখ্য শিল্পকারখানা রয়েছে যেগুলোর পানিনিষ্কাশনব্যবস্থা নেই। মহাসড়কে দিনের পর দিন জমে থাকা পানি রাস্তার ক্ষতি করছে।সওজের গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী শেখ শফিকুল আলম প্রথম আলোকে বলেন, গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় মহাসড়কের পাশের কারখানাগুলো থেকে পানি এসে রাস্তার ওপর জমা হয়। গত শনিবার গাজীপুরের বোর্ডবাজারের একটি কারখানা থেকে পাম্প দিয়ে পানিনিষ্কাশন করে রাস্তার ওপর ফেলা হচ্ছিল। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানতে চাইলে কোনাবাড়ী বিসিকের শিল্পনগর কর্মকর্তা তাজুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বিসিক এলাকার তরল বর্জ্য তুরাগ নদে যাওয়ার জন্য ভূগর্ভস্থ নালা রয়েছে। কিন্তু কোনো কারণে এটি ভরাট হয়ে যাওয়ায় তরল বর্জ্য রাস্তার ওপর চলে যাচ্ছে। ভূগর্ভস্থ নালাটি পরিষ্কার করতে ৩০-৪০ হাজার টাকা দরকার উল্লেখ করে তিনি বলেন, টাকা না থাকায় নালাটি পরিষ্কার করা যাচ্ছে না। টাকা পেলে ১৫ দিনের মধ্যে নালা পরিষ্কার হয়ে যাবে।