কারখানার বর্জ্যে দূষণের কবলে কুশিয়ারা-সুরমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরার নউখের খাবলা (আঁচড়) লাগলে মানুষ বাঁচত নায়...এত বিষ। সব বিষ অই গেছে। এই সার কারখানার বিষ পানি গাঙ্গো গিয়া পড়ছে। এই পানি দিয়া জমি করি, মাছ চাষ করি। কিচ্ছু টেকে না। আমরা যে কিলা (কেমন করে) বাঁচি আছি।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা এনামুল হক। স্থানীয় একটি বাজারে আরও কয়েকজনের সঙ্গে বসেছিলেন তিনি। তাঁরা সবাই জানালেন উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ফেঞ্চুগঞ্জ ইউরিয়া সার কারখানার বর্জ্যের কারণে কুশিয়ারা নদীর পানি দূষিত হয়ে পড়ার কথা। এলাকাবাসী জানান, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে যেসব বিষাক্ত বর্জ্য বের হচ্ছে, সেসব সরাসরি কুশিয়ারায় গিয়ে পড়ছে। এতে নদী দূষিত হচ্ছে। এ কারণে মাছের জন্য প্রসিদ্ধ সিলেট অঞ্চলে প্রায়ই অসংখ্য মাছ মরে ভেসে উঠছে, অনেক জমিতে ফসল হচ্ছে না, নানা রোগে ভুগছে মানুষ।জানা যায়, ১৯৬১ সালে ফেঞ্চুগঞ্জ সার কারখানা প্রতিষ্ঠার সময় উত্পাদনের ১২টি স্তর থেকেই বর্জ্য সরাসরি কুশিয়ারা, স্থানীয় বিল ও জলাশয়ে বের করার ব্যবস্থা রাখা হয়েছিল। পরিশোধনের ব্যবস্থা করা হয়নি। কারখানাটির মাস্টার অ্যানালিস্ট আবু বকর সিদ্দিক জানান, মিথেন গ্যাস থেকে যে ইউরিয়া সার উত্পাদিত হয় তার বিভিন্ন পর্যায়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিটিক এসিড, অ্যামোনিয়া, সালফিউরিক এসিড, কার্বন ডাই-অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, কপার কমপ্লেক্স ইত্যাদি ব্যবহূত হচ্ছে। ব্যবহারের পর অবশিষ্ট অংশ নালা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়।কারখানা কর্তৃপক্ষ জানায়, এসব পরিশোধনের জন্য কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) নেই।ওই সার কারখানাসংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, কারখানার বর্জ্যের কারণে সৃষ্ট অসুবিধার বিষয়টি তাঁরা বিভিন্ন সময়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকার মত্স্যজীবী নীলমণি বিশ্বাস জানান, প্রায় প্রতিবছরই এখানে কাতল, কালবাউশ, রুই, মৃগেল, আইড়, শোলসহ বিভিন্ন মাছ মরে যাচ্ছে। এই সার কারখানাসংলগ্ন এলাকায় অবস্থিত সরকারি বিদ্যুেকন্দ্রের ইঞ্জিন ঠান্ডা করার জন্য প্রতিদিন প্রচুর গরম পানি সরাসরি কুশিয়ারায় ফেলা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, এর ফলে নদীর কোনো কোনো জায়গায় পানির তাপমাত্রা গড়ে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছেছে।মত্স্য সম্পদ বিশেষজ্ঞ ফারুকুল ইসলাম জানান, পানিতে বিষাক্ত উপাদান থাকলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে মাছ বেঁচে থাকতে পারে না। মরে ভেসে ওঠে। এ ছাড়া পানির তাপমাত্রা বেশি হলে মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়।এলাকাবাসী জানান, সার কারখানার বর্জ্যের কারণে জীববৈচিত্র্য যে হুমকির মুখে সে সম্পর্কে কর্তৃপক্ষও জানে। স্থানীয় কৃষক তসলিম আহমেদ জানান, আন্দোলনের ফলে সরকারের তরফ থেকে কৃষকদের ১৯৭৩-৭৪ সালে ফসলহানির জন্য কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এ ছাড়া সার কারখানায় স্থানীয়দের চাকরির সুযোগ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এক বছর ক্ষতিপূরণ ও কয়েকজনকে অস্থায়ী ভিত্তিতে কাজ দিয়েই সরকার দায়িত্ব সেরেছে। কিন্তু এই সমস্যা সমাধানে কারখানায় ইটিপি স্থাপন করা হয়নি।সার কারখানার কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগে একটি লেগুনে বিষাক্ত বর্জ্য ফেলা হতো। কিন্তু ওই লেগুন থেকে পানি হাওর, বিল ও নদীতে চলে যায়। ফলে নদীকে দূষিত হওয়া থেকে রক্ষা করা সম্ভব হয় না।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কুশিয়ারার পাশাপাশি বৃহত্তর সিলেটের প্রধান নদী সুরমাও দূষণের কবলে পড়েছে। এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির বিন আলম প্রথম আলোকে বলেন, ‘ছাতক সিমেন্ট কারখানা, লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা এবং ছাতক পেপার অ্যান্ড পাল্প মিলের অপরিশোধিত বর্জ্যে বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় সুরমা দূষিত হচ্ছে। তবে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা ইটিপি স্থাপনের উদ্যোগ নিচ্ছে।জানা যায়, সিমেন্ট তৈরিতে ব্যবহূত ক্লিংকারের বর্জ্য প্রতিদিন নদীর পানিতে পড়ছে। পরীক্ষায় দেখা গেছে, সুরমার উজানে পানিতে সিসা, ক্যাডমিয়াম, তামা, জিঙ্ক, ক্ষতিকর ভারী ধাতব পদার্থসহ নানা উপাদানের উপস্থিতি রয়েছে। জহির বিন আলম জানান, ভাটির দিকে সিলেটে সুরমাকে দূষিত করছে গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য। বাংলাদেশ আণবিক শক্তি কমিশন থেকে পরীক্ষা করে তাঁরা নিশ্চিত হয়েছেন, সুরমার পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছাড়াও রেডিও অ্যাকটিভ উপাদান পাওয়া গেছে। এর ফলে সাধারণ মানুষের ভয়াবহ স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। যাঁরা নদীর পানি ফুটিয়ে খাবেন, তাঁরাও এ আশঙ্কা থেকে মুক্ত নন।খোঁজ নিয়ে জানা যায়, চা-বাগানের শ্রমিকসহ আরও অনেকেই সরাসরি ছড়ার পানি খাচ্ছেন। এই ছড়াগুলো সুরমার সঙ্গে যুক্ত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, ভবিষ্যতে নদীর উপরিভাগ থেকে পানি নিয়ে শহরে প্রতিশ্রুত পানি সরবরাহের যে উদ্যোগ রয়েছে, দূষণ ঠেকাতে না পারলে তাও বাধাগ্রস্ত হতে পারে।সুরমা ও কুশিয়ারাকে সরকারি প্রতিষ্ঠানগুলো দূষিত করলেও এ বিষয়ে পরিবেশ বিভাগের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন সিলেট পরিবেশ আন্দোলনের (সিপা) সদস্যসচিব কিম আবদুল করিম। তিনি জানান, শহরের ভেতর সুরমা নদীতে হাসপাতালের বর্জ্য ফেলা বন্ধের বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়ার খবর তিনি জানেন না।এ বিষয়ে বক্তব্য জানার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।