কারগিল যুদ্ধের জন্য গর্বিত: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ গতকাল বুধবার বলেছেন, কারগিল অভিযানের জন্য তিনি গর্বিত। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।১৯৯৯ সালে পাকিস্তানি সেনারা সীমান্তে দুই কাশ্মীরের মধ্যবর্তী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে ভারতীয় অংশের অবস্থান দখল করে। এতে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। কারগিল যুদ্ধের সময় পারভেজ মোশাররফ পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন। যুদ্ধে তাঁর ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। করাচিতে এক সংবাদ সম্মেলনে কারগিল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ‘আমি কারগিল যুদ্ধের জন্য গর্বিত।’গ্রেপ্তার ও তালেবানের হুমকি উপেক্ষা করে প্রায় চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত রোববার দেশে ফেরেন মোশাররফ। দেশে ফেরার জন্য কারও সঙ্গে কোনো সমঝোতা করেননি বলেও দাবি করেন তিনি। মোশাররফ বলেন, দেশ ও জনগণের স্বার্থেই তিনি পাকিস্তানে ফিরেছেন। আসন্ন সাধারণ নির্বাচনে করাচি থেকে লড়বেন বলেও জানান সাবেক এই সেনাশাসক।