স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফর
কারণ ও খরচের উৎস অনুসন্ধানে কমিটি গঠন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফরের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি। এক সদস্যের এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সদস্যের নাম প্রকাশ করা হয়নি।আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির নবম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সভাপতিত্ব করেন।বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কী উদ্দেশ্যে ঘন ঘন বিদেশ সফরে যাচ্ছেন এবং তাঁদের বিদেশে যাওয়ার খরচের উৎস অনুসন্ধান করে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক সদস্যের সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।এ ছাড়া প্রধানমন্ত্রীর সুপারিশে অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত প্রতিষ্ঠানের নামে বরাদ্দ হওয়া টাকা কীভাবে ভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী সভায় কমিটিতে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়।সভায় দেশের সব মেডিকেল কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও নীতিমালা ২০০৯ পর্যালোচনা করে তিন মাসের মধ্যে মতামত ও সুপারিশ দেওয়ার জন্য তিন সদস্যবিশিষ্ট সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।সভায় দেশের সব ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি নিয়ন্ত্রণের জন্য একটি সুনির্ির্দষ্ট আইন প্রণয়নের সুপারিশ করা হয়।সভায় কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, নাজমুল হাসান, মুরাদ হাসান, জেড আই এম মোস্তফা আলীসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।