কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
এনকেফালাইটিস মূলত মস্তিষ্কের প্রদাহ। ভাইরাসজনিত কারণে এনকেফালাইটিসে মানুষ আক্রান্ত হয়। নিপাহ ভাইরাসসহ নানা ভাইরাসের কারণে এই রোগ হতে পারে। দেশের একটি এলাকায় হঠাৎ করে এই রোগের প্রাদুর্ভাব কেন হলো, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে খুব শিগগির কারণ জানা যাবে বলে তাঁরা আশা করছেন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোগের লক্ষণ দেখা দিলেই হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসকেরা বলছেন, এনকেফালাইটিসের উপসর্গ হচ্ছে: তীব্র জ্বর, মাথাব্যথা। কিছু ক্ষেত্রে ঘাড় ও পিঠ শক্ত হয়ে যায়। বমির ভাব হয়। ভাইরাসে আক্রান্ত ব্যক্তি আলো সহ্য করতে পারে না। এনকেফালাইটিসের তীব্রতা বাড়লে হঠাৎ হূদিক্রয়া বন্ধ হতে পারে। মানুষ অজ্ঞান হয়ে যায়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শিশু ও বয়স্ক ব্যক্তিদের এনকেফালাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। পোকামাকড়ের কামড়ে এই ভাইরাস ছড়াতে পারে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, লালমনিরহাটের হাতিবন্ধায় ঠিক কোন ভাইরাসের কারণে এটা ছড়িয়েছে, তা এখনো স্পষ্ট নয়। নিপাহ বা অন্য কোনো ভাইরাস এর কারণ হতে পারে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ বলেন, কোন ভাইরাসের কারণে এটা ছড়াচ্ছে, তা নিশ্চিত হওয়া দরকার। তিনি আরও বলেন, জ্বর বা মাথাব্যথা হলেই চিকিৎসকের কাছে যাওয়া বাঞ্ছনীয়। লক্ষ রাখাতে হবে, ঠান্ডা যেন না লাগে। এছাড়া ধুলাবলি থেকে দূরে থাকতে হবে।মাহমুদুর রহমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, হাতিবান্ধায় একবারই এর প্রকোপ দেখা দিয়েছে (ওয়ান পিক)। তিনি বলেন, আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) বিশেষজ্ঞ দল এলাকায় বাড়ি বাড়ি যাচ্ছে। নতুন কোনো সংক্রমণের তথ্য ওই দলের সদস্যরা পাননি। তিনি আরও বলেন, আজ শুক্রবার বিকাল নাগাদ এনকেফালাইটিসের কারণ জানা যেতে পারে।