কারণ ছাড়া হরতালে জনপ্রিয়তা নষ্ট হতে পারে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কারণ ছাড়া কোনো হরতাল না দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এতে আপনার (খালেদা জিয়া) যেটুকু জনপ্রিয়তা আছে, তা নষ্ট হয়ে যেতে পারে।’আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি সেখানে তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফের আয়োজনে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধীরা সব সময় নিজেদের নির্দোষ মনে করে। অপরাধীকে রক্ষায় উল্টাপাল্টা হরতাল দেওয়া উচিত না। মৌসুমি ফল আম-লিচু যেমন পচনশীল, ক্ষণস্থায়ী; তেমনি জনপ্রিয়তাও পচনশীল।’ ইনু বলেন, প্রধানমন্ত্রীর শর্তহীন সংলাপে সাড়া না দিয়ে রাজপথে উত্তেজনা ও সহিংসতা তৈরি করা বা অপরাধীদের মুক্তির দাবিতে হরতাল ডাকা, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে বিপত্সংকেত।তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিগ্রহ, রাজনৈতিক সহিংসতা যেকোনো নারীর জন্য ঝুঁকিপূর্ণ। যুক্তি ছাড়া সহিংসতা এবং উল্টাপাল্টা হরতাল ডাকার মধ্য দিয়ে বহু মা বিপদের মধ্য পড়ে যাচ্ছেন। সেই বিপদ থেকে বাঁচানো সরকারের দায়িত্ব।’ইনু বলেন, দেশে ১২ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। সেখানে স্বাস্থ্যকর্মীরা সেবা দিচ্ছেন। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোও গত চার বছরে সক্রিয় করা হয়েছে। এ বছর নিরাপদ গর্ভপাতের বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে।কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম হারুন অর রশীদ, কুষ্টিয়ার সিভিল সার্জন তরুণ কান্তি হালদার, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।