কারণ জানতে চেয়ে সাঈদীর করা আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার কারণ জানতে চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন। চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী আবেদনটি করেছিলেন।এদিকে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গতকাল বিএনপির নেতা আবদুল আলীমকে তাঁর বনানীর বাসভবনে জিজ্ঞাসাবাদ করেছে।সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। সাঈদীর আবেদনের বিষয়ে চেয়ারম্যান এক ঘণ্টা ধরে লিখিত আদেশ পড়ে শোনান। আদেশে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো যৌক্তিকতা ট্রাইব্যুনাল খুঁজে পাননি। কেননা, একাত্তরের মানবতাবিরোধী ব্যক্তিদের নিয়ে ১৯৯৫ সালের গণতদন্ত কমিশনের ওই প্রতিবেদন লেখা, খসড়া করা বা প্রস্তুতির কোনো পর্যায়ে তিনি সম্পৃক্ত ছিলেন না।আদেশে আরও বলা হয়, ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে বিচারকাজ অব্যাহত রাখার ব্যাখ্যা চাওয়া আদালতের জন্য অবমাননাজনক। বাংলাদেশের কোনো আইন বা বিধিতে বিচারপতির কাছে তাঁর পদে থাকার যৌক্তিকতা ব্যাখ্যার বিধান নেই। এ ছাড়া এই আবেদনের আইনি ভিত্তি অপর্যাপ্ত। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৬(৮) ধারা অনুসারে ট্রাইব্যুনাল, এর চেয়ারম্যান বা সদস্যদের নিয়োগ চ্যালেঞ্জ করা যায় না। সাঈদীকে প্রথম এই ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয় গত বছরের ২১ সেপ্টেম্বর। কিন্তু তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ও রাষ্ট্রপক্ষের উদ্বোধনী বক্তব্য শুরুর আগমূহূর্তে। বিচারকাজে বিলম্ব সৃষ্টির জন্য এই আবেদন করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষ যে যুক্তি দেখিয়েছেন, ট্রাইব্যুনাল এর সঙ্গে একমত পোষণ করেন।আদেশে বলা হয়, গণতদন্ত কমিশনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ না করায় চেয়ারম্যানের বিরুদ্ধে অসদাচরণের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো যৌক্তিকতা নেই। ওই কমিশনের প্রতিবেদন সংরক্ষিত কোনো নথি নয়, বরং বহুল প্রচারিত। আবেদনে চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলেও এর পক্ষে কোনো প্রমাণ দেখানো হয়নি। বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললে তা প্রমাণের দায় আসামিপক্ষের।আবদুল আলীমকে জিজ্ঞাসাবাদ: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির নেতা আবদুল আলীমকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁর বনানীর বাসায় জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা।জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা জেড এম আলতাফুর রহমান সাংবাদিকদের বলেন, আবদুল আলীমের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, জিজ্ঞাসাবাদে সেগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়। জয়পুরহাট থেকে তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পর্যাপ্ত তথ্য-প্রমাণ পেয়েছে। তাঁর সঙ্গে কথা বলে তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে।তবে আবদুল আলীম মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না দাবি করে তাঁর আইনজীবী মুন্সী আহসান কবীর বলেন, আবদুল আলীমকে রাজনৈতিকভাবে হয়রানির জন্য মানবতাবিরোধী অপরাধের মামলায় জড়ানো হয়েছে।গত ২৭ মার্চ আবদুল আলীমকে গ্রেপ্তার করা হলেও শারীরিক অসুস্থতার জন্য ট্রাইব্যুনাল তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন। একই কারণে ট্রাইব্যুনাল ২৩ অক্টোবর তাঁকে সেফ হোমের পরিবর্তে তাঁর বাসভবনে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।জামায়াতের আইনজীবীদের বক্তব্য: এদিকে বেলা আড়াইটার দিকে রাজধানীর একটি হোটেলে যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আটক নেতাদের আইনজীবী প্যানেলের প্রধান আবদুর রাজ্জাক বলেন, তাঁরা ট্রাইব্যুনালে ন্যায়বিচার চান। কিন্তু তা পাচ্ছেন না।আবদুর রাজ্জাক বলেন, ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত একটি বিশেষ আদালত। এখানে আসামিপক্ষ-রাষ্ট্রপক্ষ উভয়েরই বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ থাকা দরকার। র‌্যাপের সঙ্গে বৈঠকে এ বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, বিধিমালা সংশোধনের জন্য র‌্যাপ যেসব পরামর্শ দিয়েছিলেন সেগুলোর কয়েকটি মানা হলেও বেশির ভাগ মানা হয়নি। এটিও র‌্যাপকে জানানো হয়েছে।