কারণ দর্শানো ছাড়া ড. ইউনূসকে অব্যাহতির আদেশ উদ্দেশ্যপ্রণোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. কামাল হোসেন বলেছেন, কোনো কারণ দর্শানো ছাড়াই ড. মুহাম্মদ ইউনসূকে অব্যাহতির আদেশ দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত। আইন অনুসারে যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তির হাইকোর্টে রিট করার এখতিয়ার আছে। তবে হাইকোর্ট বলেছেন, রিট করার এখতিয়ার নেই। বিচার করলেই হবে না, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। লিভ টু আপিল খারিজের অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদনের ওপর শুনানিতে অংশ নিয়ে ড. কামাল এসব কথা বলেন। আজ সোমবার সকাল নয়টা ২০ মিনিট থেকে মাঝে ৪৫ মিনিটের বিরতি দিয়ে বেলা দেড়টা পর্যন্ত প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চে শুনানি চলে। কাল মঙ্গলবার আবার শুনানি হবে। শুনানিতে ড. কামাল আরও বলেন, অব্যাহতি দেওয়ার আদেশ বিবেকপ্রসূত হয়নি। রিট আবেদনটি সরাসরি খারিজ করা হয়েছে যা নজিরবিহীন। এ ক্ষেত্রে বিচারিক পুনর্বিবেচনা প্রয়োজন। ড. ইউনূসের পক্ষে শুনানিতে অংশ নিয়ে মাহমুদুল ইসলাম বলেন, ‘হাইকোর্টের আদেশে ত্রুটি রয়েছে। এ জন্য লিভ টু আপিল মঞ্জুর করা উচিত।’ হাইকোর্টের আদেশকে তিনি পক্ষপাতমূলক বলেন। তিনি বলেন, ‘১৯৯০ সালে গ্রামীণ ব্যাংকের বোর্ড সভায় ড. ইউনূসকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ নিয়োগ দেওয়া হয়। কিন্তু ১১ বছর পর প্রশ্ন তোলা হয়েছে। এ দীর্ঘ সময় বাংলাদেশ ব্যাংকের নীরবতা প্রমাণ করে তারা তাঁকে এ পদে মেনে নিয়েছে।’ ড. ইউনূসের পক্ষে আরেক আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, ‘আদালতের আদেশে হাইকোর্টের পর্যবেক্ষণে অনেক কিছু বলা হয়েছে। কিন্তু অপর পক্ষ লিখিত কোনো বক্তব্য দেননি। হাইকোর্ট রিট আবেদন খারিজ করেছেন। ১১ বছর পর তাঁর অব্যাহতির বিষয়টি লোককে নাড়া দিচ্ছে। আমার সঙ্গে লেনদেন করলেন, তখন কোনো আপত্তি দেননি।’ তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংক তাদের পরিচালনা পর্ষদের সভায় এমডির ক্ষেত্রে নিয়োগের সময়সীমা বেঁধে দেয়নি। যত দিন পর্ষদ সিদ্ধান্ত না নেবে তত দিন তিনি এ পদে থাকতে পারবেন বলে ওই সভায় সিদ্ধান্ত হয়। এরপর থেকে তিনি নিজ পদে বহাল আছেন। গত ৬ এপ্রিল লিভ টু আপিল খারিজ করে আপিল বিভাগের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদনের (রিকল) শুনানি মুলতবি করা হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নয়জন পরিচালকের করা লিভ টু আপিলের (আপিল অনুমতির আবেদন) শুনানিও মুলতবি করা হয়। আজ শুনানির জন্য দিন ধার্য করা হয়েছিল।৫ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বে সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন। ওই দিন বিকেলে ইউনূস অস্বাক্ষরিত ওই আদেশ প্রত্যাহার চেয়ে লিভ টু আপিলের ওপর পুনরায় শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করেন। গতকাল আপিল বিভাগের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য এক নম্বর ক্রমিকে ছিল।প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়, উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি ১৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। একই দিনে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন। পরে ৩ এপ্রিল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুটি লিভ টু আপিল করা হয়। এর মধ্যে মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিলের ওপর শুনানির পর ৫ এপ্রিল আপিল বিভাগ তা খারিজ করেন।