কারণ যখন ‘স্থগিতাদেশ’
প্রায় পাঁচ হাজার মামলার ভারে ভারাক্রান্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে প্রায় দুই হাজার রিট মামলা রয়েছে রাজউকের বিরুদ্ধে। এর অধিকাংশ রিটেই রয়েছে উচ্চ আদালতের স্থগিতাদেশ। এ স্থগিতাদেশের কারণেই অবৈধ ভবনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে রাজউকের কর্মকর্তারা মত দিয়েছেন। অনুসন্ধানে দেখা গেছে, রিটে স্থগিতাদেশ পাওয়া ভবনগুলোর মধ্যে অধিকাংশই রাজউকের নোটিশকে চ্যালেঞ্জ করে দায়ের করা। আইনানুযায়ী, কোনো অবৈধ ভবন চিহ্নিত হলে রাজউক প্রথমে নোটিশ দেয়। ভবনের মালিকেরা এ নোটিশকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটের ফলে আদালত থেকে হয় স্থগিতাদেশ। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, এ স্থগিতাদেশকে অবৈধ ভবনের মালিকেরা একটি কৌশল হিসেবেই ব্যবহার করছেন। দেখা গেছে, হাতিরঝিলের ৭২টি অবৈধ ভবনের মালিকদের করা রিটে স্থগিতাদেশ রয়েছে। রাজউক সূত্রে জানা যায়, গুলশানের জব্বার টাওয়ারের দায়ের করা রিট (মামলা নম্বর ১৮৫৬/০৭), মরিয়ম টাওয়ারের করা রিট (মামলা নম্বর ৬৪৮৭/০৭) এবং উত্তরায় নাটোর টাওয়ারের মতো বহুতল ভবনের দায়ের করা রিটের কারণে রাজউক কোনো ব্যবস্থা নিতে পারছে না। রাজউকের আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতে একবার স্থগিতাদেশ এলে সেটি কয়েক দফা বাড়তে থাকে। একসময় মামলার শুনানির বিলম্বের কারণে এ স্থগিতাদেশের মেয়াদ অনির্দিষ্টকাল হয়ে পড়ে। এ জন্য বর্তমান প্রেক্ষাপটে রাজউকের মামলাগুলো দ্রুত শুনানির জন্য পৃথক বেঞ্চকে এখতিয়ার দেওয়া প্রয়োজন বলে আইনজীবীরা মনে করছেন। এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি-জেনারেল এবং রাজউকের প্যানেল আইনজীবী সরদার মোশাররফ হোসেন আইন অধিকারকে বলেন, মামলা দ্রুত শুনানি না করায় পেছনে মামলাজটই প্রধান কারণ। তিনি বলেন, ট্যাক্স, কাস্টমস কিংবা দুদকের মামলাগুলো শুনানির জন্য যেমন পৃথক বেঞ্চকে এখতিয়ার দেওয়া হয়েছে, তেমনি রাজউকের মামলাগুলোর নিষ্পত্তির জন্য কয়েকটি বেঞ্চকে বিশেষভাবে এখতিয়ার দেওয়া উচিত। এ জন্য প্রধান বিচারপতি দ্রুত ব্যবস্থা নেবেন বলে তিনি আশা করেন।অনুসন্ধানে দেখা যায়, মূলত তিন কারণে রাজউকের বিরুদ্ধে রিটগুলো হয়েছে। প্রথমত. রাজউকের প্রেরিত নোটিশকে চ্যালেঞ্জ করে; দ্বিতীয়ত. দখলি জমি অধিগ্রহণকে চ্যালেঞ্জ করে এবং তৃতীয়ত. প্লট বরাদ্দকে কেন্দ্র করে। এ মামলাগুলোর ব্যাপারে অ্যাটর্নি-জেনারেল অফিসের দায়িত্বও কম নয় বলে আইনজীবীরা মনে করছেন। কারণ, প্রতি মামলাতেই রাজউকের সঙ্গে সরকারকে পক্ষভুক্ত করা হয়। অ্যাটর্নি-জেনারেলের অফিসকেও মামলাগুলো দ্রুত শুনানির জন্য পদক্ষেপ নেওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কোনো রিটে স্থগিতাদেশের কারণে যাতে ব্যবস্থা নিতে জটিলতা না হয়, এ জন্য রাজউক ভিন্ন পদ্ধতি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে রাজউক সূত্রে জানা গেছে। কোনো নোটিশ দেওয়ার এক দিনের মধ্যেই অবৈধ ভবনের কাজ অপসারণ শুরু করা হবে বলে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।