কারণে-অকারণে বাজে হর্ন
গাড়ির হর্ন বাজানো মনে হয় বেশ মজার। গাড়ির চালকেরা হর্ন বাজিয়ে আত্মতৃপ্তি না পেলে কারণে-অকারণে তাঁরা হর্ন বাজাবেনই বা কেন? নগরের রাজপথ থেকে গলিপথ—সর্বত্রই গাড়ির হর্নের ছড়াছড়ি। ঢাকা মহানগর পুলিশ অবশ্য নগরের বেশ কিছু রাস্তায় ‘হর্ন বাজানো নিষেধ’ ব্যানার টানিয়ে বেশ কয়েক দিন ব্যাপক হর্নবিরোধী তত্পরতা শুরু করেছিল। আর এখন ট্রাফিক পুলিশের কানের পাশ দিয়ে হর্ন বাজিয়ে চলে গেলেও তারা কিছুই করে না। সময়ের বদলের সঙ্গে সঙ্গে অনেক গাড়ির হর্নও বদলে গেছে। সাধারণ হর্ন বাজিয়ে স্বস্তি না পেয়ে অনেকেই ‘হাইড্রোলিক হর্ন’ বাজাচ্ছেন।ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার (ট্রাফিক) মো. সফিকুর রহমান অবশ্য দাবি করলেন, ঢাকা শহরের রাস্তায় এখন আর কোনো হাইড্রোলিক হর্ন নেই। তবে পরিবেশ অধিদপ্তর শব্দদূষণ রোধে মাঝেমধ্যে অভিযান চালিয়ে ঠিকই হাইড্রোলিক হর্নের দেখা পায়। পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ রোধকল্পে পরিচালিত ভ্রাম্যমান আদালত গত ২৩ ডিসেম্বর শহীদ তাজউদ্দীন সরণিতে অভিযান চালিয়ে পাঁচটি গাড়ির হাইড্রোলিক হর্ন খুলে নেন। ২০০৯-এর ৭ সেপ্টেম্বর রোকেয়া সরণিতে অভিযান চালিয়ে তারা আটটি গাড়ি থেকে হাউড্রোলিক হর্ন জব্দ করে। এভাবে প্রায় প্রতিটি অভিযানেই তারা হাইড্রোলিক হর্ন উদ্ধার করে।শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮ নম্বর বিধিতে বলা আছে, নীরব এলাকাতে কোনো ধরনের হর্ন বাজানো যাবে না। নীরব এলাকার মধ্যে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য কিছু স্থাপনা পড়ে। বিধিতে উল্লেখ করা আছে, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো যাবে না। শাহবাগ মোড়ে রাস্তার দুই পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আর বারডেম হাসপাতাল। হাসপাতালের বারান্দায় দাঁড়ালেই বোঝা যায় এ এলাকায় হর্নের তীব্রতা। শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকার আগেই চোখে পড়ে, এখানে হর্ন বাজানো নিষেধ। কিন্তু তাতেও চালকেরা মোটেও দমার পাত্র নন। তাঁরা ঠিকই হর্ন বাজান বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কিংবা সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের সামনে। আর একেবারে বড় রাস্তার পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দুর্দশার কথা আর না-ই বা বলা হলো।নগরের বিভিন্ন সড়কে গাড়ির হর্নের তীব্রতা কমানোর জন্য ডিএমপি উদ্যোগ নিয়েছিল তিন বছর আগে। ২০০৭-এর ফেব্রুয়ারি মাসে ডিএমপি নগরের কয়েকটি রাস্তায় হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রাথমিকভাবে সার্ক ফোয়ারা মোড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কটিকে ‘হর্ন ফ্রি রোড’ হিসেবে ঘোষণা করে। মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী একই সঙ্গে নগরের বিভিন্ন ভিআইপি এলাকায় হর্ন বাজাতে নিষেধ করে ডিএমপি। ২০০৭-এর ২২ ফেব্রুয়ারি থেকে শুরু করে মার্চের ২০ তারিখ পর্যন্ত তারা মোট তিন হাজার ১৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করে। এ ছাড়া যানবাহন থেকে উদ্ধার করা হয় ৭১৯টি হাইড্রোলিক হর্ন। তত্কালীন ডিএমপির উপকমিশনার (ট্রাফিক) মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে জানিয়েছিলেন, কয়েক মাসের মধ্যেই জাহাঙ্গীর গেট থেকে শাহবাগ, গুলশানসহ বেশ কয়েকটি সড়কে হর্ন বাজানো বন্ধ করা হবে। কিন্তু ২০০৭ সাল পেরিয়ে এখন ২০১০ সাল পড়েছে। সেদিনের পুরোনো নিয়মের কথা বোধ হয় আর এখনকার ডিএমপির কর্তাব্যক্তিরা জানেন না। তাই এখন শাহবাগ থেকে কারওয়ান বাজার, জাহাঙ্গীর গেট থেকে সোনারগাঁও—সর্বত্রই সমানে বাজছে গাড়ির হর্ন।