কারমাইকেল কলেজে অনেক কিছু থেকেও নেই
গ্রন্থাগারে বই থাকে না, ছাত্রাবাসে শিক্ষার্থীরা থাকে গাদাগাদি করে, থাকে শিক্ষকস্বল্পতা—এগুলো দেশের সরকারি বড় কলেজগুলোর সাধারণ চিত্র। ব্যতিক্রম রংপুরের কারমাইকেল কলেজ। প্রায় শত বছরের পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক কিছু থেকেও নেই।১৯১৬ সালে রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে লালবাগ এলাকায় ৯০০ বিঘা জমির ওপর স্থাপিত হয় কারমাইকেল কলেজ। উত্তরবঙ্গে তো বটেই, সারা দেশের পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এটি ওপরের দিকে। এখন এই কলেজে উচ্চমাধ্যমিক স্তরে (এইচএসসি) শিক্ষার্থী ভর্তি করা হয় না। স্নাতক (পাস কোর্স), ১৫টি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী এই কলেজে পড়াশোনা করছেন।কলেজের অধ্যক্ষ মো. আবদুল ওয়াদুদ কলেজের ব্যাপারে এই প্রতিবেদকের সঙ্গে খোলামেলা কথা বলতে চাননি। তিনি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সুজন শাহ ই ফজলুলের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।সুজন শাহ ই ফজলুল কলেজের নানা সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, কলেজকে যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে চালিয়ে নিতে হলে সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। তা করা গেলে এই অঞ্চলের মানুষের এই কলেজ ঘিরে শিক্ষার যে আকাঙ্ক্ষা, তা কিছুটা পূরণ করা সম্ভব হবে।নেই নতুন বই: কলেজ কর্তৃপক্ষ বলেছে, গ্রন্থাগারে প্রায় ৭০ হাজার বই আছে। তবে বেশ কিছু শিক্ষার্থী বলেছেন, নতুন সংস্করণের বই গ্রন্থাগারে পাওয়া যায় না। বইয়ের বেশির ভাগই তাঁদের কোনো কাজে আসে না।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী জাকিয়া খাতুন বলেন, বাজারে পাওয়া যায় না এমন বই ও নতুন বই গ্রন্থাগারে থাকা উচিত। কিন্তু গ্রন্থাগারে এসব বই নেই। হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপর্ণা দত্তও একই কথা বললেন।কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর বইয়ের জন্য বরাদ্দ থাকে এক লাখ থেকে দেড় লাখ টাকা। এই টাকায় প্রতিটি বিভাগ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য নতুন বই কেনা সম্ভব নয়।ছাত্রাবাসে আসন ফাঁকা: কলেজটিতে ছাত্রাবাস আছে সাতটি। এর একটি হিন্দু ছাত্রদের ও তিনটি ছাত্রীদের জন্য। এসব ছাত্রাবাসে এক হাজার ৩৭ জন শিক্ষার্থীর আবাসনব্যবস্থা আছে। ছেলেদের চারটি ছাত্রাবাসে ৪২৭ জন ছাত্রের আবাসনসুবিধা আছে। তবে হিন্দু ছাত্রাবাস ছাড়া বাকি তিনটি ছাত্রাবাসের আসন ফাঁকা পড়ে থাকে।ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন থেকে ছাত্রাবাসগুলো ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্রাবাসে থাকতে হলে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত হতে হয়। এ কারণে সাধারণ ছাত্ররা ছাত্রাবাসে থাকতে আগ্রহী নন।হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মুশফিক উস সালেহীন বলেন, ছাত্রাবাসে থাকলে সবাই শিবিরের কর্মী মনে করে। এ কারণে সাধারণ ছাত্ররা সেখানে থাকতে চান না। অনেকে প্রথমে ছাত্রাবাসে উঠলেও পরে অন্যত্র চলে যান।সুজন শাহ ই ফজলুল বলেন, ভর্তির সময় ছাত্রীনিবাসগুলোতে আসনের কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ে। কিন্তু ছাত্রাবাসগুলোতে তা হয় না। তিনি বলেন, ছাত্রাবাসের ক্ষেত্রে দেখা যায়, ১৫০ আসনের বিপরীতে ১০০-এর মতো আবেদন পড়ে। ইসলামী ছাত্রশিবিরের প্রভাবের কথা স্বীকার করে তিনি বলেন, অনেক ছাত্র প্রথমে ছাত্রাবাসে উঠলেও শেষ পর্যন্ত আর থাকেন না। তাই ছাত্রাবাসে অনেক আসন ফাঁকা থাকে।শ্রেণীকক্ষ-সংকট: কলেজটির সব বিভাগের জন্য পৃথক শ্রেণীকক্ষ নেই। যেসব শ্রেণীকক্ষ আছে, তাতে অনেক সময় এক ক্লাসের সব শিক্ষার্থীর বসার জায়গা হয় না। বাংলা বিভাগের ছাত্রী রীনা সাহা জানান, তাঁদের ক্লাসে ২০০-এর বেশি শিক্ষার্থী। অধিকাংশ দিন শ্রেণীকক্ষে সবার বসার জায়গা হয় না। অনেকে দাঁড়িয়ে ক্লাস করেন। পেছনে যাঁরা থাকেন, তাঁরা শিক্ষকের কথা স্পষ্টভাবে শুনতে পান না।জানা যায়, প্রায় সব বিভাগেই এক শিক্ষাবর্ষে গড়ে ২০০ শিক্ষার্থী ভর্তি করা হয়। তাঁদের একসঙ্গেই পাঠদান চলে। কলেজ কর্তৃপক্ষও মনে করে, এভাবে মানসম্পন্ন পাঠদান সম্ভব হচ্ছে না।বাস মাত্র তিনটি: কলেজের প্রায় ১৪ হাজার শিক্ষার্থী থাকেন ক্যাম্পাসের বাইরে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা রংপুর শহরে প্রধানত মেসে থাকেন। তাঁদের যাতায়াতের জন্য আছে তিনটি বাস। দুটি বাস সাধারণত চলে, কোনো একটি বেশির ভাগ সময় থাকে গ্যারেজে।কাঁচা রাস্তা: ক্যাম্পাসে ঢোকার মূল রাস্তাটি পাকা। কিন্তু ক্যাম্পাসের ভেতরের সব কটি রাস্তাই কাঁচা। শিক্ষার্থীরা বলেছেন, বর্ষাকালে কাদার রাস্তায় তাঁদের নাকাল হতে হয়। তাঁরা রাস্তা পাকা করার দাবি করেছেন।শিক্ষক-সংকট: শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজটিতে শিক্ষকের স্বল্পতা আছে। সমাজবিজ্ঞান বিষয়টি সামাজিক বিজ্ঞান অনুষদের সব বিভাগের শিক্ষার্থীদেরই পড়তে হয়। অথচ এ বিষয়ে শিক্ষক আছেন মাত্র একজন। এখানে অন্তত পাঁচজন শিক্ষক দরকার। চারটি পদ শূন্য আছে। একইভাবে ইসলামি শিক্ষা বিষয়ে সাতটি ও দর্শন বিষয়ে পাঁচটি পদ শূন্য আছে।নতুন বিভাগ চালু হচ্ছে না: কলেজটিতে শিক্ষার্থীদের মাত্র ১৫টি বিষয়ে স্নাতক সম্মান পড়ার সুযোগ আছে। শিক্ষক ও শিক্ষার্থীরা বলেছেন, উত্তরবঙ্গের অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারেন না। এ কলেজেই তাঁরা ভর্তি হন।এ বিষয়ে শাহ ই ফজলুল বলেন, প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে আধুনিক ও যুগোপযোগী বিষয়গুলোর অনুমোদন দেওয়া উচিত। তিনি জানান, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ পরিদর্শনের পর মার্কেটিং, ফিন্যান্স ও সমাজবিজ্ঞান বিভাগ খোলার ব্যাপারে ইতিবাচক প্রতিবেদন দিয়েছে। কিন্তু তার পরও বিভাগগুলো খোলার অনুমতি দেওয়া হচ্ছে না।দখল হচ্ছে কলেজের জায়গা: ৯০০ বিঘা জমি নিয়ে এই কলেজের যাত্রা শুরু হলেও এখন জমির পরিমাণ অনেক কমেছে। অতীতে সরকার রংপুর ক্যাডেট কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এই কলেজের জায়গা দিয়েছে।বর্তমানে যে জায়গা আছে, তারও সীমানাপ্রাচীর নেই। এতে অনেক জায়গা বেদখল হয়ে যাচ্ছে। আগে বেদখল হয়ে যাওয়া বেশ কিছু জায়গা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে উদ্ধার করা হয়। কিন্তু এখন আবার কলেজের পশ্চিম দিকের বেশ কিছু জায়গা বেদখল হয়ে গেছে। সেখানে কিছু দোকানপাট গড়ে উঠছে।প্রজন্ম ভাস্কর্য: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ কলেজের ছয়জন শিক্ষক ও পাঁচজন ছাত্র শহীদ হন। কিন্তু ঐতিহ্যবাহী এই কলেজে মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য নেই। শিক্ষার্থীদের বড় অংশটি দীর্ঘদিন ধরে একটি ভাস্কর্যের দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ দুবার ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিলেও ছাত্রশিবিরের বাধার মুখে তারা সফল হয়নি।কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয়বারের মতো ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে ‘প্রজন্ম ভাস্কর্য’। ঢাকায় ভাস্কর্য নির্মাণের কাজ চলছে। শাহ ই ফজলুল বলেন, এর আগে দুবার উদ্যোগ নিয়েও মৌলবাদী সংগঠনের বাধার কারণে ভাস্কর্য নির্মাণ সম্ভব হয়নি। ছাত্র-শিক্ষকদের নিজস্ব অর্থায়নে আবার ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে।