শেয়ারবাজারে অনিয়ম তদন্তে গঠিত কমিটি বাজার কারসাজির জন্য প্রায় ৬০ ব্যক্তিকে চিহ্নিত করেছে। এঁদের মধ্যে, বিশেষ করে দুজনের ব্যাপারে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিটি। এই দুজন হলেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুঁজিবাজার লেনদেন ও পরিচালনায় সালমান এফ রহমান ও রকিবুর রহমানের প্রভাব বিস্তারের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সতর্কতা অবলম্বন প্রয়োজন। কেননা, মার্কেট প্লেয়াররা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ওপর প্রভাব বিস্তারে সক্ষম হলে এসইসি অকার্যকর হয়ে পড়বে এবং আবারও বাজারে বিপর্যয় ঘটবে।তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ গতকাল শুক্রবার সালমান এফ রহমান ও রকিবুর রহমান প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, শেয়ারবাজারে এ রকমের শীর্ষ মার্কেট প্লেয়ার যাঁরা আছেন, এঁদের সম্পর্কে সরকারকে একটু সতর্ক থাকতে হবে। এ জন্য যে, তাঁরা যাতে সরকারের নীতিনির্ধারণীতে বা এসইসির উচ্চপদের নিয়োগের ব্যাপারে কোনো রকমের সুপারিশ ও তদবির করে প্রভাবিত করতে না পারেন।খোন্দকার ইব্রাহিম খালেদ আরও বলেন, ‘আমরা বাজারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫০০ মানুষের সঙ্গে কথা বলেছি। এঁদের মধ্যে আছেন দুই স্টক এক্সচেঞ্জের সব সদস্য, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও গবেষক এবং সাংবাদিক। তাঁদের সঙ্গে কথা বলে এই দুজনের সম্পর্কে আমরা এ রকম ধারণা পেয়েছি। কেন্দ্রীয় ব্যাংক থেকেও আমরা তথ্য পেয়েছি যে অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জেম গ্লোবালের জন্য সালমান এফ রহমান বাংলাদেশ ব্যাংকে গিয়ে তদবির করেছিলেন।’এ বিষয়ে তদন্ত প্রতিবেদনেও বিস্তারিত বর্ণনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৬ সালের তদন্ত প্রতিবেদনে সন্দেহের তালিকায় ছিলেন ইমতিয়াজ হোসেন, খোরশেদ আলম, সালমান এফ রহমান, এনায়েতুর রহিম, রকিবুর রহমান, শাকিল রিজভী প্রমুখ। বর্তমান তদন্তে এঁদের মধ্যে সালমান রহমান ও রকিবুর রহমানের ভূমিকা নিয়ে ব্যাপক মতামত এসেছে এবং কিছু তথ্যও পরিবেশিত হয়েছে। এসইসিকে প্রভাবিত করতে দুজনেই সক্রিয় ছিলেন। এসইসির বর্তমান চেয়ারম্যান নিয়োগ এবং সদস্য মনসুর আলমের পুনর্নিয়োগে সালমান রহমান ও রকিবুর রহমানের জোর তদবির এবং সমর্থন ছিল বলে অনেকের বিশ্বাস। বিডি থাই অ্যালুমিনিয়ামের অস্বচ্ছ ঘটনাটির তদবিরে সালমান রহমান নিজেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ধরনা দিয়েছিলেন। আবার জিএমজি ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসংক্রান্ত ঘটনায় সালমান রহমান সম্পৃক্ত রয়েছেন। এ ঘটনাগুলোও অস্বচ্ছ। এসইসি পরিচালনায় দুজনেরই অনাকাঙ্ক্ষিত প্রভাব ছিল। এ কারণে সাধারণ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।যোগাযোগ করা হলে রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ডিএসইর সভাপতি থাকার সময়ে এবং পরে একজন সাবেক সভাপতি হিসেবেই তিনি শেয়ারবাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন। এ ক্ষেত্রে প্রভাবিত করার কোনো বিষয় ছিল না। তা ছাড়া তিনিই সবার আগে সরাসরি তালিকাভুক্তি বন্ধ করে দিলেও সরকার নির্দেশ দিয়ে দুটি কোম্পানিকে বিশেষ সুবিধা দিয়েছিল। খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, প্রতিবেদনে প্রায় ৬০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে সরকার বিস্তারিত তদন্ত করতে পারে। তবে প্রাথমিক অভিযুক্ত হিসেবেই সবার নাম প্রকাশ করা যায়। আর প্রচলিত আইনেই এঁদের শাস্তি দেওয়া সম্ভব।অর্থমন্ত্রীর কাছে গত বৃহস্পতিবার জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে প্লেসমেন্টের শেয়ার-বাণিজ্য নিয়ে জিএমজি এয়ারলাইনসের সম্পৃক্ততা নিয়েও বিস্তারিত উল্লেখ রয়েছে। এ কোম্পানিরও অন্যতম উদ্যোক্তা সালমান রহমান। জিএমজি এয়ারলাইনস অনুমোদন না পেয়েও প্লেসমেন্টের শেয়ার বিক্রি করেছে। অথচ অনুমোদন না পাওয়ায় এখনো কোনো শেয়ার বিতরণ করতে পারেনি। এর মধ্যে একটি বেসরকারি ব্যাংক আট কোটি টাকার শেয়ার কিনেও বরাদ্দ পায়নি। শেয়ারবাজার পতনের জন্য আরও অনেকের দায়দায়িত্ব ও সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। তবে সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে। প্রতিবেদনে বলা হয়েছে, অনৈতিকতাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ায় মূল ঘটকের কাজটি করেছেন এসইসির সাবেক সদস্য মনসুর আলম। আর সংস্থাটির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের আনুকূল্য ও সম্মতি ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। কমিটি এই দুজনকেই দায়ী করে বলেছে, শীর্ষ এই কর্মকর্তাকে সক্রিয় সহায়তা দিয়ে অন্যায় করেছেন দুই নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া ও তারিকুজ্জামান। তদন্ত প্রতিবেদনে এই চারজনের বিরুদ্ধে তদন্ত এবং কর্মরত তিনজনকে অপসারণের সুপারিশ করা হয়েছে।তদন্ত কমিটি প্রতিবেদনে বলেছে, আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রী রোকসানা আখতারের নামে চারটি হিসাবে বিপুল অঙ্কের শেয়ার লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া আইসিবির সাবেক উপমহাব্যবস্থাপক (বর্তমানে গৃণ ঋণদান সংস্থার মহাব্যবস্থাপক) কফিল উদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী ফারজানা আকতার ও শ্যালক মনসুর বিল্লাহর নামে শেয়ার লেনদেন ও প্লেসমেন্টের শেয়ার নেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের মুনাফার অর্থ কফিল উদ্দিন চৌধুরীর নিজ নামে স্থায়ী আমানত হিসেবে রয়েছে। এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী আর ওয়াই শমসের নিজেও প্রায় ১২ কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার নিয়েছেন, যা স্বার্থ সংঘাতজনিত কাজ। কমিটি এঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে। সূত্র জানায়, কমিটি বিভিন্ন মার্চেন্ট ব্যাংকে রক্ষিত অমনিবাস হিসাব নমুনা চয়ন করে পরীক্ষা করে দেখেছে। গোপনে রক্ষিত এসব হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ শেয়ার লেনদেন করে কারসাজি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি পাওয়া গেছে মোসাদ্দেক আলী ফালু, সালমান রহমান ও নুর আলীর ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ডা. এইচ বি এম ইকবাল, মুনিরুদ্দিন আহমদ, রোকসানা আমজাদ, গোলাম মোস্তফা, আহসান ইমাম, ইয়াকুব আলী খোন্দকার, নিউ ইংল্যান্ড ইক্যুইটি, লুৎফর রহমান বাদল, তাঁর স্ত্রী সোমা আলম রহমানের নাম। তদন্ত কমিটি দুই ঠিকানায় ১৯ ব্যক্তিকে ১৯ কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ দেওয়ার তথ্যও পেয়েছে। এঁদের মধ্যে আছেন আহসান ইমাম, সোমা আলম রহমান, শামিমা শরীফ, লুৎফর রহমান বাদল, মনসুর বিল্লাহ প্রমুখ।জানা গেছে, তদন্ত কমিটি দেখেছে, বাজার চাঙা এবং মন্দার সময় নির্দিষ্ট কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাপকভাবে শেয়ার লেনদেন করেছে। এসব শীর্ষ প্লেয়ারদের সন্দেহজনক লেনদেনের বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনে। তাঁরা হলেন—গোলাম মোস্তফা, আবু সাদাত মো. সায়েম, ইয়াকুব আলী খোন্দকার, সৈয়দ সিরাজুদ্দৌলা, মো. খলিলুজ্জামান, মো. শহীদুল্লাহ, আরিফুর রহমান, সোমা আলম রহমান, ফ্রন্টিয়ার ফান্ড, ফারইস্ট ইসলামী লাইফ, এবি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ফিন্যান্স, ন্যাশনাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। কমিটি এদের বিষয়ে বিস্তারিত তদন্তের সুপারিশ করেছে।কমিটি এতগুলো নাম পেলেও অনেকেরই বিস্তারিত পরিচয় চিহ্নিত করতে পারেনি। এ প্রসঙ্গে খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, ‘কখনো নাম শুনিনি এ রকম অনেকে আছেন। যদিও তাঁরা বিপুল অঙ্কের শেয়ার লেনদেন করে থাকেন। এ ক্ষেত্রে সরকার বিস্তারিত তদন্ত করে দেখতে পারে।’এ ছাড়া কমিটি এসইসির কোনো সাবেক কর্মকর্তা যাতে পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগ বা পরামর্শক হিসেবে কাজ করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করেছে। কারণ, তাঁদের প্রভাব বিস্তারের সুযোগ থাকে এবং স্বার্থ সংঘাতের সুযোগ তৈরি হয়। এ ক্ষেত্রে কমিটি এসইসির সাবেক সদস্য সাহাবুব আলমের নাম উল্লেখ করে বলেছে, তিনি অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের প্রস্তাব অনুমোদন করানোর ব্যবস্থা করেন।মোসাদ্দেক আলীর প্রতিবাদ: মোসাদ্দেক আলী ফালুর পক্ষে গতকাল একটি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তিনি স্বচ্ছতার সঙ্গে বিনিয়োগ করেন এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য আয়কর নথিতে দেখানো আছে। তিনি বলেন, দেশের লাখ লাখ বিনিয়োগকারীর মতো তিনিও অস্বাভাবিক দরপতনের কারণে মারাত্মক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।