কারা অধিদপ্তরের চিঠি নিয়ে মন্ত্রী সচিব যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলি ও পদোন্নতি বিষয়ে কারা অধিদপ্তরে পাঠানো চিঠির ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বিষয়টি এড়িয়ে যান দুজনেই।সাংবাদিকেরা জানতে চান, তাহলে চিঠি গেল কী করে? জবাবে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘বলছি তো, সেটাই খতিয়ে দেখা হবে।’মন্ত্রী-সচিবকে উপেক্ষা করে এভাবে একটি অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো সম্ভব? এর উত্তর দিতে চাইছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কথা কেড়ে নিয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, ‘মন্ত্রণালয়ের কারা শাখা নিয়ম ভেঙে এসব চিঠি কারা অধিদপ্তরে পাঠিয়েছে। কেন পাঠানো হলো, তা খুঁজে বের করা হবে।’তাহলে কি মন্ত্রণালয়ের শাখাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই? জবাবে সচিব বলেন, ‘সমন্বয়ের কথা আসছে কেন? এখানে তো সমন্বয়ের কিছু নেই।’স্বরাষ্ট্রসচিব বলেন, চিঠি পাঠানো হয়েছে, সেটা ঠিক। কিন্তু কারা শাখা তাঁদের না জানিয়ে সেটা করেছে। সচিব স্বীকার করেন, কিশোরগঞ্জের কারা তত্ত্বাবধায়ক জহির উদ্দিন বাবরের নিয়োগের বিষয়ে আইজি প্রিজন একক সিদ্ধান্ত দিয়েছিলেন। কিন্তু পরে তা প্রত্যাহার করা হয়।এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত কারা শাখা থেকে যেসব চিঠি পাঠানো হয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের অনুমোদন নিয়েই পাঠানো হয়েছে। মন্ত্রী ও সচিবের অনুমতি ছাড়া কোনো চিঠি পাঠানো সম্ভব নয়।সূত্র জানায়, কারা অধিদপ্তরে চিঠি পাঠানোর খবর প্রকাশের পর গতকাল সকালে কারা মহাপরিদর্শক (আইজি) আশরাফুল ইসলামকে মন্ত্রণালয়ে ডেকে এনে এসব নিয়োগের বিষয়ে জানতে চাওয়া হয়।কারা অধিদপ্তরের প্রতিবাদ: গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা শুনছে না কারা অধিদপ্তর’ সংবাদের প্রতিবাদ করেছে কারা অধিদপ্তর। প্রতিবাদে বলা হয়, প্রকাশিত সংবাদে কারা অধিদপ্তরকে মন্ত্রণালয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই কারা অধিদপ্তর পরিচালিত হচ্ছে। অধিদপ্তরের কার্যক্রম মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। বদলি/নিয়োগসহ যেকোনো বিষয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া করা হয় না।প্রতিবেদকের বক্তব্য: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে অধিদপ্তরে পাঠানো আটটি চিঠিই প্রথম আলোর কাছে রয়েছে। সেসব চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, কারা অধিদপ্তর মন্ত্রণালয়কে না জানিয়ে নিয়োগ ও বদলি করেছে।