কলেজছাত্র মোমিন হত্যা মামলার আসামি এ কে এম রফিকুল ইসলামকে (ওসি রফিক) প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার কারণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম ২৪ জানুয়ারি কারা কর্তৃপক্ষকে হাজির হওয়া নির্দেশ দেন। উল্লেখ্য, ওসি রফিক এ হত্যা মামলায় কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ভোগ করছেন। আদালতের আদেশের তথ্য গোপন করে তিনি এ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রপক্ষ কারা কর্তৃপক্ষের প্রতি এর কারণ জানানোর আদেশ চেয়ে ১২ জানুয়ারি বুধবার আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আজ শুনানি অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম ১২ জানুয়ারি প্রথম আলোকে বলেছিলেন, গত বছরের ২৯ জুন আসামি রফিক কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহ তাঁর আবেদনে পরিপ্রেক্ষিতে ২ জুলাই কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে কলেজে যাওয়ার পথে রাজধানীর ইব্রাহিমপুরে বাসার সামনে সন্ত্রাসীরা মোমিনকে গুলি করে হত্যা করে। মোমিনের বাবা আবদুর রাজ্জাক এ ঘটনায় কাফরুল থানায় ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।সূত্র জানায়, ৬ জানুয়ারি কারাগার থেকে আদালতে আসার পর রফিক আদালতের বারান্দায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলেন। এ সময় তাঁর হাতকড়া ছিল না। রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, তিনি পুলিশকে আসামির হাতকড়া পরাতে বলেন। তখন রফিক জানান, তিনি প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পাচ্ছেন। এরপরই বিষয়টি জানাজানি হয়।