কারা পাহারায় রোবট
কতক্ষণই-বা কয়েদিদের চোখে চোখে রাখা যায়! কারারক্ষীদের কড়া নজরদারির পরও কয়েদিরা নানা অঘটন ঘটায়। মানুষের কাজের ভার কমাতে দক্ষিণ কোরিয়ার একটি কারাগারে পরীক্ষামূলকভাবে রোবটকে কারারক্ষীর দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।বিবিসি অনলাইন জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় পোয়াং শহরের একটি কারাগারে মানুষের পাশাপাশি আগামী মার্চে এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে রোবটকে কারারক্ষীর দায়িত্ব দেওয়া পরিকল্পনা করা হচ্ছে। তিনটি স্বয়ংক্রিয় রোবট কয়েদিদের সার্বক্ষণিকভাবে নজরে রাখবে। কয়েদিদের আচরণে কোনো সমস্যা দেখলেই তারা তা মনুষ্য কারারক্ষীদের অবহিত করবে।দক্ষিণ কোরিয়ার অপরাধ ও কারানীতি-সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান ফোরাম ফর কারেকশনস এই রোবট প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, পাঁচ ফুট লম্বা এই রোবট চার চাকায় চলে। এতে উন্নত প্রযুক্তির ক্যামেরা ও স্বয়ংক্রিয় সেন্সর রয়েছে। কয়েদিরা সহিংসতা ও আত্মহত্যার মতো কর্মকাণ্ডে যুক্ত হলেই এই রোবট তা চিহ্নিত করে মনুষ্য কারারক্ষীদের জানিয়ে দেবে।কারারক্ষী রোবট প্রযুক্তির নকশা উদ্ভাবনে নেতৃত্বদানকারী কোয়েগি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি বাইক চু বলেন, ‘কোনো সমস্যা দেখলেই এই রোবট মানুষ কারারক্ষীদের সতর্ক করবে।’ লি বাইক চু আরও জানান, রোবটটির উন্নতিকল্পে তাঁরা আরও কাজ করছেন।এক মাসব্যাপী এ পরীক্ষামূলক রোবট প্রকল্পে প্রায় পাঁচ লাখ ৫৪ হাজার পাউন্ড ব্যয় হবে। দেশটির সরকারই এ ব্যয় নির্বাহ করবে। গত জানুয়ারিতে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে এ খাতে গবেষণার জন্য তারা প্রায় ৪১৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। দক্ষিণ কোরিয়া রোবট প্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দিতে আগ্রহী। দেশটির সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন, এ খাতের মাধ্যমে তাঁরা ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন।