কারা ফটকে আটকে দেওয়া হলো মিজানকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করতে দেয়নি কর্তৃপক্ষ। কারাগার পরিদর্শনে বাধা দেওয়ায় তিনি কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন) অপসারণ দাবি করেছেন।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পরে সাংবাদিকদের বলেন, আইজি প্রিজন জাতীয় সংসদ প্রণীত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে কারাগার পরিদর্শন করতে দেননি।মানবাধিকার কমিশনকে কারাগার পরিদর্শন করতে না দেওয়ায় বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। কারা কর্তৃপক্ষের এ আচরণ পরোক্ষভাবে সংবিধানের অমর্যাদা উল্লেখ করে সংস্থাটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।এ ব্যাপারে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘কারাগার একটি সংবেদনশীল প্রতিষ্ঠান। এখানে নিয়মবহির্ভূতভাবে কারও পক্ষেই যখন-তখন প্রবেশের সুযোগ নেই। কারাগার পরিদর্শনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেননি।’কারা মহাপরিদর্শক বলেন, ‘কারাগারে বিভিন্ন ধরনের সন্ত্রাসী থাকে। একজন ভিআইপিকে সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়ার আগে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা লাগে। নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া একজন ভিআইপিকে সেখানে প্রবেশের অনুমতি দিয়ে এরপর যদি কোনো অঘটন ঘটে, তবে তার দায় কে নেবে?’পদত্যাগ দাবি প্রসঙ্গে কারা মহাপরিদর্শক কোনো মন্তব্য করতে রাজি হননি।জাতীয় মানবাধিকার কমিশন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার মিজানুর রহমান সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সকাল নয়টার দিকে তিনি কারাফটকে গিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের পরিদর্শনের বিষয়টি জানান। দায়িত্বরত কর্মকর্তারা ঢাকায় কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে জানানোর কথা বলে মিজানুর রহমানকে প্রায় এক ঘণ্টা কারাফটকের সামনে দাঁড় করিয়ে রাখেন। পরে যোগাযোগ করলে সিলেট কারা কর্তৃপক্ষ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কারাগার পরিদর্শন করতে পারবেন না।মিজানুর রহমান এ সময় সিলেট কারা কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তাদের জাতীয় মানবাধিকার কমিশন আইনে কমিশনের কারাগারের অবস্থা পরিদর্শনের ক্ষমতার বিষয়টি উল্লেখ করেন। এর পরও কর্তৃপক্ষ তাঁকে কারাগার পরিদর্শন করতে দেয়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর তিনি ক্ষুব্ধ হয়ে ফিরে যান।সিলেট কারাগার সূত্র জানায়, গত বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি সেফ হোম পরিদর্শন করে মিজানুর রহমান সার্বিক অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচার হয়।সিলেট কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ (জেলার) নেছার আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে কিছু করার ছিল না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, কারাবিধি অনুসারে বাইরের কোনো সংস্থার কারাভ্যন্তরে প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগে। মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটি বিবেচনা করে হয়তো অনুমতি দেয়নি।’ পরে কারাগার পরিদর্শন করতে না দেওয়ার প্রতিক্রিয়ায় স্থানীয় সাংবাদিকদের কাছে মিজানুর রহমান কারা মহাপরিদর্শকের অপসারণ দাবি করেন। তিনি বলেন, ‘মানবাধিকার কমিশন আইনের ১২ অনুচ্ছেদ অনুসারে, কারাগার বা সংশোধনাগার, হেফাজত বা রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানে নাগরিকেরা আটক আছেন, তাঁদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না, সেটি মানবাধিকার কমিশন দেখবে। এসব প্রতিষ্ঠানের উন্নতির জন্য রাষ্ট্রের আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়ে কমিশন সরকারকে সুপারিশ করবে। সে অনুসারে ব্যবস্থা নেবে সরকার। এ উদ্দেশ্যেই কমিশন সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসেছিল। কিন্তু আইজি প্রিজন জাতীয় সংসদ প্রণীত আইনকে তোয়াক্কা না করে কমিশনকে কারাগার পরিদর্শন করতে দেননি।’মিজানুর রহমান আরও বলেন, ‘সাংবিধানিক আইন অমান্য করায় মানবাধিকার কমিশন প্রয়োজনে উচ্চ আদালতে যাবে। কারা মহাপরিদর্শক পদে তাঁকেই নিয়োগ দেওয়া উচিত, যিনি আইনের মর্মার্থ বুঝবেন।’