কারা হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুনের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক গতকাল শনিবার কারা হেফাজতে মারা গেছেন। ১৭ এপ্রিল সূত্রাপুর থানা থেকে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তবে শফিকুলের পরিবারের অভিযোগ, জেলে পাঠানোর আগে পুলিশ হেফাজতে তাঁর ওপর নির্যাতন করা হয়েছে। এতে তাঁর মৃত্যু হয়।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির খান জানান, গত ১২ মার্চ সূত্রাপুর থানার ডালপট্টি এলাকায় তল্লাশিচৌকিতে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের গুলিতে আনসার সদস্য আনিসুর রহমান নিহত হন। এই মামলায় ১২ এপ্রিল সূত্রাপুর থানার কাগজিতোলা থেকে সন্দেহজনক হিসেবে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ১৭ এপ্রিল তাঁকে জেলে পাঠানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের রক্ষী জাকারিয়া মাসুদ জানান, শফিকুলকে সূত্রাপুর থানা থেকে জেলে পাঠানোর সময় তিনি অসুস্থ ছিলেন।সূত্রাপুর থানার পুলিশ জানায়, শফিকুল এলাকার ডাকাত শহীদের সদস্য। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা আছে। গ্রেপ্তারের সময় তাঁর মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন ছিল বলে পুলিশের কর্মকর্তারা জানান।শফিকুলের বোন রানী বেগম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে পৈতৃক ভিটার স্বত্ব নিয়ে তাঁর মায়ের সঙ্গে তিন মামার মামলা চলে আসছে। এ বিষয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এর জের ধরে ১২ এপ্রিল সূত্রাপুর এলাকায় শফিকুলকে একা পেয়ে তাঁর মামাতো ভাই উজ্জ্বল, রুবেলসহ কয়েকজন মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির খান ও মনির হোসেন মোল্লা তাঁকে ধরে ফেলেন। সেখান থেকে থানায় আনা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে তড়িঘড়ি করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। রানী অভিযোগ করেন, তাঁর মামারা জমি দখলে রাখতে পুলিশকে টাকা দিয়ে শফিকুলকে গ্রেপ্তার করিয়েছেন। আর তাঁদের যোগসাজশে নির্যাতন করে শফিকুলকে হত্যা করা হয়েছে।শফিকুলের মা আনোয়ারা বেগম জানান, তাঁর দুই সন্তানের মধ্যে শফিকুল ছিলেন বড়। সদরঘাটে একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি। অযথা তাঁকে আনসার হত্যা মামলার আসামি করা হয়েছে বলে তিনি জানান। তাঁর বাবার নাম মৃত আবদুল মালেক।জানতে চাইলে মামলার তদন্তকারী ও সূত্রাপুর থানার দারোগা জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, শফিকুলের ওপর নির্যাতন করা হয়নি।সূত্র জানায়, শফিকুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।