বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমকে গতকাল রোববার বিকেলে কারাগারে পাঠানোর ঘণ্টা খানেকের মধ্যেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। আয়কর ফাঁকি ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ গতকাল প্রথমে আয়কর ফাঁকির মামলায়, পরে তিনটি দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহ আলম। বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক কাদের নেওয়াজ আয়কর ফাঁকির মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে সাজা কার্যকর করতে ‘সাজা পরোয়ানা’ জারি করা হয়। ফলে গতকাল থেকেই শাহ আলমের সাজা কার্যকর হলো।ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারাগারের আনুষ্ঠানিকতা শেষে শাহ আলমকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতের আদেশে ওই হাসপাতালের নাম উল্লেখ থাকায় তাঁকে সেখানে পাঠানো হয়েছে বলে জানান তিনি।কারা সূত্র জানায়, আদালত থেকে ইউনাইটেড হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে শাহ আলম বিকেল চারটা ২১ মিনিটে কারাগারে পৌঁছান। ঘণ্টা খানেক পরে একই অ্যাম্বুলেন্সে করে তিনি ওই হাসপাতালের উদ্দেশে রওনা হন।গতকাল দুপুর দুইটার দিকে আইনজীবী আনিসুল হক ও অন্যান্য আইনজীবীকে সঙ্গে নিয়ে শাহ আলম আদালতে হাজির হন। আনিসুল হক আয়কর ফাঁকির মামলায় শাহ আলমের পক্ষে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, আয়কর ফাঁকির অভিযোগে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর আয়কর অধ্যাদেশের ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় ছয় বছরের কারাদণ্ড দেন আদালত। এই মামলায় শাহ আলমের পক্ষে রিট আবেদন করা হয়। তবে রিটটি তুলে নেওয়া হয়েছে।আনিসুল হক বলেন, আসামি অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। আসামি হূদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাঁর সুচিকিৎসা প্রয়োজন।আদালত শুনানি শেষে কর ফাঁকির মামলায় জামিনের আবেদন নাকচ করে দেন। তখন কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ও চিকিৎসার সুবিধা চেয়ে আবেদন করা হয়।পরে একই আদালতে সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষের মামলা, ১৮টি সরকারি বাড়ি ক্রয়সংক্রান্ত দুটি দুর্নীতির মামলায় জামিনের আবেদন করা হয়।দুর্নীতির তিন মামলায় শাহ আলমের পক্ষে শুনানি করেন আহসানুল করিম। তিনি আদালতকে বলেন, ঘুষসংক্রান্ত দুর্নীতির মামলায় অন্য এক আসামির পক্ষে হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করা হয়। হাইকোর্ট তা বাতিল করে দেন। আসামি শাহ আলমের পক্ষেও হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করা হয়েছে। তা ছাড়া, একই ঘুষের মামলার অন্য আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামিনে আছেন।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন জামিনের বিরোধিতা করে বলেন, আসামি শাহ আলম দীর্ঘদিন পলাতক ছিলেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু আদালতকে জানান, এই মামলার অন্য আসামিরা জামিনে আছেন। শুনানি শেষে আদালত দুর্নীতির তিনটি মামলায় জামিন মঞ্জুর করেন।পরে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২-এ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শাহ আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে জামিন প্রার্থনা করা হয়। বিচারক মাহাতাব হোসেন জানতে চান, আসামি আদালতে হাজির আছেন কি না। আইনজীবীরা বলেন, আসামি শাহ আলম আয়কর ফাঁকির মামলায় আটক আছেন। শুনানি শেষে এই মামলায়ও আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।দুদকের আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘শাহ আলমের পক্ষে আমি দুদকের মামলায় আসিনি। আয়কর ফাঁকির মামলায় শুনানি করেছি।’আদালতে শাহ আলম: দুপুর দুইটার দিকে শাহ আলম তাঁর আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে হাজির হন। শাহ আলম বিশেষ জজ আদালত-৩-এর এজলাসকক্ষে আইনজীবীদের বেঞ্চে বসেন। এ সময় তিনি সাব্বির হত্যা মামলার পলাতক আসামি ও তাঁর ছেলে সানবীরের পক্ষে রাষ্ট্রের নিয়োজিত আইনজীবী গাজী শাহ আলমের সঙ্গে কথা বলেন। শুনানি শেষে শাহ আলম একই বেঞ্চে বসে আইনজীবী ও সঙ্গে আসা লোকজনের সঙ্গে কথা বলেন।শাহ আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, ঘুষ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ ১৩টি মামলা করা হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এসব মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে প্রত্যাহারের জন্য আবেদন করেন তিনি।এনবিআরের মামলায় আট বছর সাজা: ২০০৭ সালের ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা করে। তাঁদের বিরুদ্ধে আট কোটি ২৬ লাখ ৯০ হাজার ৩৮৩ টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ তোলা হয়। ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালত তাঁকে আট বছরের কারাদণ্ড দেন। একই অপরাধে তাঁর স্ত্রী আফরোজা বেগম, তিন ছেলে সাদাত সোবহান, সাফায়েত সোবহান ও সায়েম সোবহানেরও সাজা হয়। তাঁদের আট কোটি ৩০ লাখ টাকা জরিমানাও করেন আদালত।এই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে রিট করলে হাইকোর্ট রায়ের কার্যকারিতা স্থগিত করেন। একই সঙ্গে মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না, জানাতে রুল দেওয়া হয়। কিন্তু স্থগিতের মেয়াদ শেষ হয়ে গেলেও স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে আর আবেদন না করায় হাইকোর্টের ওই আদেশ অকার্যকর হয়ে যায়। গত বছরের ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টে আবারও মামলার কার্যক্রম বাতিলের আবেদন করা হয়। তখন রায় স্থগিত না করে হাইকোর্ট তাঁকে ২১ মার্চের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে বলেন। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে শাহ আলম তখন আদালতে হাজির হননি।গত বছরের ২৫ মার্চ আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শাহ আলমের স্ত্রী-পুত্রকে আদালতে হাজির হতে তিন মাস সময় বাড়িয়ে দেন। আর তাঁকে ২১ এপ্রিলের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে বলেন। ওই তারিখেও তিনি নিম্ন আদালতে হাজির হননি।বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলা: ২০০৭ সালের ৭ জুলাই শাহ আলমকে পলাতক দেখিয়ে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ২৩ ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত ১০ হাজার টাকা জারিমানা করেন। মামলায় ২৩ লাখ টাকার দেশি ও বৈদেশিক মুদ্রা অবৈধভাবে দখলে রাখার অভিযোগ আনা হয়। গুলশান থানার পুলিশ এই মামলা করে। সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ: ২০০৬ সালের জুলাই মাসে হুমায়ুন কবির সাব্বিরকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে তাঁর ছেলে সানবীরকে সন্দেহ করা হয়। এ নিয়ে তখন লেখালেখি শুরু হলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে ঘুষ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যমতে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও তাঁকে ২১ কোটি টাকা ঘুষ দেওয়া হয়। এর মধ্যে ২০ কোটি টাকা অবশ্য রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন বাবর।এই ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে ২০০৯ সালের ৪ অক্টোবর দুদক রমনা থানায় মামলা করে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ বিচারাধীন। তবে হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত আছে।