কারাগার থেকে খুনের নির্দেশ আব্বাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাই, কাজটা কে করল?’ ‘কোন কাজটা?’ ‘ওই যে শেওড়াপাড়ার নূরুল...।’ ‘ক্যান, আমার লোকজন করছে, কী হইছে?’ ‘না, পেপারের লোকজন খুঁজতাছে তো তাই কইলাম।’ ‘খুঁজুক।’মুঠোফোনের কথোপকথন এটি। গত শনিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগারে বসে মুুঠোফোনে এক ব্যক্তির সঙ্গে এভাবেই কথা বলছিলেন শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস। ওই দিন দুপুরে কাফরুল থানা এলাকার শেওড়াপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে খুন হন ঝুট ব্যবসায়ী নূরুল ইসলাম। আর সন্ধ্যায় হত্যার ব্যাপারে জানতে চেয়ে জামালপুর থেকে হাতকাটা মাসুদ নামের এক সন্ত্রাসী কারাগারে কিলার আব্বাসের কাছে ফোন করেন। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রোববার সকালেও তাঁরা মুঠোফোনে কথা বলেন।র‌্যাব সূত্র জানায়, কাফরুল এলাকার কারাবন্দী সন্ত্রাসী কিলার আব্বাসের নির্দেশে নূরুল ইসলামকে খুন করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। কিলার আব্বাস কারাগার থেকে ফোনে নির্দেশ দিয়েছেন। কিলার আব্বাসের এসব আলাপের রেকর্ড র‌্যাবের হাতে আছে। সূত্র জানায়, গতকাল সকালেও হাতকাটা মাসুদ আবার কিলার আব্বাসকে ফোন করেন। ওই সময় মাসুদ বলেন, ‘ভাই, পেপারে তো আপনার নাম আসছে।’ উত্তরে কিলার আব্বাস বলেন, ‘আসুক, চুপচাপ থাক।’ প্রত্যুত্তরে মাসুদ বলেন, ‘না, আমি আপনার ছোট ভাই তো তাই বললাম।’র‌্যাব সূত্র জানায়, তদন্তে জানা গেছে, কাশিমপুরের এক কারারক্ষী কিলার আব্বাসকে মুঠোফোনটি সরবরাহ করেন।কিলার আব্বাস বর্তমানে কাশিমপুর-২ কারাগারে আছেন বলে নিশ্চিত করেছেন ওই কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী। জানতে চাইলে তিনি বলেন, ‘এক ব্যক্তি আমাকে ফোন করে বিষয়টি জানান। যে মুঠোফোন নম্বরে কিলার আব্বাস কথা বলেছেন, তিনি সেই নম্বরটিও আমাকে দিয়েছেন। ওই নম্বরে কল করে দেখা গেছে, রিং হলেও কেউ তা ধরেনি।’ তিনি বলেন, ‘আমাদের এখানে মোবাইল জ্যামার (মুঠোফোনে কথা বলার প্রতিবন্ধক যন্ত্র) আছে। তা ছাড়া আমরা নিয়মিত তল্লাশিও করি। এত কিছুর মধ্যে কারাগার থেকে ফোন করা প্রায় অসম্ভব।’কোন কারারক্ষী এ মুঠোফোন সরবরাহ করেছে—জানতে চাইলে ফরমান আলী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে পুলিশ আসামিদের যখন আদালতে নিয়ে যায়, তখন তারা মুঠোফোনে কথা বলে এমন তথ্য আছে।হত্যার কারণ: অনুসন্ধানে জানা গেছে, কাফরুল ও পল্লবী এলাকায় বেশির ভাগ পোশাক কারখানায় ঝুট ব্যবসায় নূরুল ইসলামের একচ্ছত্র আধিপত্য ছিল। কিলার আব্বাসের সহযোগীরা এ ব্যবসায় জড়িত থাকলেও নূরুলের কারণে ওই সব পোশাক কারখানায় সুবিধা করতে পারছিল না। নূরুল কিলার আব্বাস গ্রুপের প্রতিপক্ষ দলের নেতৃত্বে ছিলেন। একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে ভিন্ন পন্থা নেন কিলার আব্বাস। তিনি কারাগার থেকে তাঁরই সহযোগী স্থানীয় সন্ত্রাসী নূরুর মাধ্যমে নূরুলের কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু তা দিতে অপারগতা প্রকাশ করেন নূরুল। চার লাখ টাকা থেকে নেমে দুই লাখ টাকা দিতে বলা হলে তাতেও রাজি হননি নূরুল। শেষমেষ কারাগারে বসেই তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন কিলার আব্বাস। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরুলের প্রথম স্ত্রী ইয়াছমিন আক্তার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসী নূরু তাঁর স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে। কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী নূরু কিলার আব্বাসের অন্যতম সহযোগী। নূরুসহ আব্বাসের সহযোগীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে চাঁদাবাজি, না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। আব্বাসের নির্দেশেই এ হত্যা কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবকিছুই তদন্ত করে দেখছি।’থানায় মামলা: ইয়াছমিন আক্তার গত শনিবার রাত ১০টার দিকে কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে সন্দেহভাজন আসামি হিসেবে সন্ত্রাসী নূরুসহ কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বলেন, ‘আমি এ থানায় নতুন এসেছি। অনেক কিছু এখনো জানি না।’