কারাগার থেকে মুক্তি পেলেন বৃদ্ধ আজিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পালশা গ্রামে বর্গাচাষি আজিজার রহমান (৬০) আজ রোববার দুপুরে জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজিজার ১৯৯৮-৯৯ অর্থবছরে আক্কেলপুর উপজেলার জনতা ব্যাংক জামালগঞ্জ শাখা থেকে ১০ হাজার টাকা ঋণ নেন। পরপর কয়েক বছর আলু চাষে লোকসান হওয়ায় তিনি ঋণ শোধ করতে পারেননি। ব্যাংক কর্তৃপক্ষ টাকা আদায়ে সার্টিফিকেট মামলা করে। ওই মামলায় গত শুক্রবার রাতে আক্কেলপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে আজিজারকে গ্রেপ্তার করে গতকাল শনিবার কারাগারে পাঠায়।আজ রোববার প্রথম আলোয় ‘১০ হাজার টাকার জন্য জেলে যেতে হলো বৃদ্ধকে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত ব্যক্তিগতভাবে ওই ঋণের টাকা পরিশোধ করেন। এরপর জনতা ব্যাংক জামালগঞ্জ শাখা থেকে মামলাটি প্রত্যাহারে আজ দুপুরে আদালতে আবেদন জানানো হয়।আবেদনের পরিপ্রেক্ষিতে সার্টিফিকেট আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন্দ্রনাথ বিশ্বাস আজিজারকে মামলার দায় থেকে অব্যাহতি দেন এবং তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আদেশ দেন।আজিজার আজ রোববার বিকেল তিনটার দিকে কারাগার থেকে মুক্তি পান। এ সময় জনতা ব্যাংকের বগুড়া অঞ্চলের এরিয়া ইনচার্জ শামীম আহমেদসহ কয়েকজন ব্যাংক কর্মকর্তা ও আজিজারের বড় ভাই, দুই ছেলে ও জামাই কারাফটকে উপস্থিত ছিলেন।মুক্তি পাওয়ার পর আজিজার প্রথম আলোকে বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর সহানুভূতিশীল মানুষ ঋণের টাকা পরিশোধ করে আমাকে জেল থেকে মুক্ত করে নেওয়ায় আমি তাঁদের প্রতি চির কৃতজ্ঞ।এদিকে সংবাদ ছাপা হওয়ার পর আজিজারের সাহায্যার্থে ঢাকা রেমেক্স করপোরেশনের চেয়ারম্যান এম আর এ তাহা জনতা ব্যাংক জামালগঞ্জ শাখায় ২২ হাজার টাকা পাঠিয়েছেন। এ ছাড়া প্রথম আলোর ঢাকা কার্যালয় এবং এই প্রতিবেদককে আমেরিকা, লন্ডন, সুইডেন, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা ফোন করে আজিজার রহমানের ঋণ পরিশোধ এবং তাঁকে আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন।