কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল আলীমকে মুক্তি দিয়েছে কারা প্রশাসন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। আলীমের ছেলেরা কারাগার থেকে তাঁকে নিয়ে আসেন।এর আগে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শর্ত সাপেক্ষে আলীমের জামিন মঞ্জুর করেন। ট্রাইব্যুনাল তাঁর পাসপোর্ট ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে বলেছেন । জামিনে মুক্তি পেয়ে আলীমকে ২/১ এবং ২/বি, বাড়ি ৮১, রোড ৩, ব্লক এফ, বনানী—এ ঠিকানায় তাঁর ছেলে ফয়সাল আজিমের বাসায় থাকতে হবে। এ ঠিকানা পরিবর্তন করতে হলে ট্রাইব্যুনালকে জানাতে হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। আলীম সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কোনো বক্তব্য দিতে পারবেন না। এ সময় তিনি সাক্ষী ও ক্ষতিগ্রস্ত বা রাজনৈতিক দলের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তদন্ত সংস্থার কাজে তাঁকে সাহায্য করতে হবে। বয়স, অসুস্থতা ও মানবিক দিক বিবেচনা করে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদালতের আদেশে বলা হয়, শর্ত লঙ্ঘিত হলে আলীমের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হবে। আলীমের ছেলে ও আইনজীবীর জিম্মায় এক লাখ টাকার মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়।