কারাগার থেকে শফিউল আলম প্রধানের মুক্তি
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আজ শুক্রবার সকালে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান মুক্তি পেয়েছেন।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শফিউল আলম প্রধানের সব মামলায় জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে আজ সকালে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই শেষে বেলা ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।কাশিমপুর কারাগারের জেল সুপার আবদুর রাজ্জাক জাগপার সভাপতি শফিউল আলম প্রধানকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় ১৭ এপ্রিল ছয় মাসের জামিন পান শফিউল আলম প্রধান।গত ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরদিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় এ দুটি মামলা করে। দুই মামলার এজাহারে এই ছয়জনসহ ১৫৪ জনকে আসামি করা হয়। দ্রুত বিচার আইনের মামলায় পুলিশ গত ২৪ মার্চ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।