কারাগার থেকে হাসপাতালে জয়নুল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে আজ রোববার দুপুরে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ তিনি অসুস্থ হয়ে পড়েন। কারাগার সূত্র জানায়, ওই দিন রাতে বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক বুকে ব্যথা অনুভব করেন। গাজীপুর সদর হাসপাতালের চিকিত্সক নুরুল হুদা তাঁর চিকিত্সা করেন। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী জয়নুল আবদিন ফারুককে ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।কেন্দ্রীয় কারাগারের পার্ট-২-এর কারারক্ষক সুভাষ চন্দ্র ঘোষ জানান, ১৩ মার্চ জয়নুল আবদিন ফারুককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ পাঠানো হয়। হরতালে বোমা বিস্ফোরণ ও ভাঙচুরের মামলায় ১২ মার্চ তাঁকে গ্রেপ্তার করা হয়। কাশিমপুর কারাগারে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সাংসদ মো. শাহজাহান মিয়া, বিএনপির নেতা মো. মর্তুজা ও জাগপার সভাপতি শফিউল আলম প্রধানও রয়েছেন।