কারাগারে আপনারাও যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেন, ‘যে কারাগারে আমাদের নেতা-কর্মীরা আছে, সেই কারাগারে খুব শিগগিরই আপনারা যাবেন। দিন বেশি বাকি নেই।’আজ শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানসহ কারাগারে বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সমাবেশে আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল বলেন, সামনে কঠোর থেকে কঠোরতর আন্দোলন হবে। নির্দলীয় সরকারের দাবি প্রতিষ্ঠা করেই এ দেশে নির্বাচন হবে। সমাবেশ থেকে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানসহ কারাগারে বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ জুন সব জেলা শহরে, ২৬ জুন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং ২৭ জুন দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রদল।ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা পরিচালনা করেন আমিরুজ্জামান শিমুল। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, শহীদউদ্দিন চৌধুরী প্রমুখ।