কারাগারে কাদের মোল্লার সঙ্গে স্ত্রী ও সন্তানদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার সঙ্গে গতকাল শনিবার দুপুরে সাক্ষাৎ করেছেন তাঁর স্ত্রী সানোয়ারা জাহান ও সন্তানেরা। মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে কারাগারের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে।কেন্দ্রীয় কারাগারের পার্ট-২-এর কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানান, জেল কোড অনুযায়ী ডিভিশনের অযোগ্য অপরাধে সাজা হওয়ায় কাদের মোল্লার আগের ডিভিশন বাতিল করা হয়েছে। তবে তাঁর নিজের আনা একটি টেলিভিশন তাঁর কক্ষে দেওয়া হয়েছে। তাঁর ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগ এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশের খবর তিনি টেলিভিশনে দেখছেন।সুভাষ চন্দ্র আরও জানান, কাদের মোল্লার সঙ্গে সাক্ষাতের জন্য গতকাল দুপুর ১২টার দিকে কারাগারে আসেন তাঁর স্ত্রী, মেয়ে আমাতুল্লাহ পারভীন ও আমাতুল্লাহ শারমিন, জামাতা মহিব উল্লাহ ও ভাতিজা নূরুল হক। তাঁরা সাক্ষাৎকার কক্ষে গ্রিলের সামনে দাঁড়িয়ে সাধারণ কয়েদিদের সাক্ষাতের নিয়মে কাদের মোল্লার সঙ্গে আধা ঘণ্টা কথা বলেন।জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাদের মোল্লাকে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ তে পাঠানো হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লা সশ্রম দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাঁকে কারাগারের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে।