কারাগারে কামারুজ্জামান ও কাদের মোল্লার ডিভিশন পেতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে কারাগারে ডিভিশন দেওয়াসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে কারা বিধি অনুযায়ী, কারাগারে এই দুই নেতার ডিভিশন পেতে আইনি কোনো বাধা নেই।গত বছরের ৪ আগস্ট জামায়াতের এই দুই নেতার পক্ষে কারাগারে ডিভিশন-সুবিধা চেয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। তাতে প্রতিকার না পেয়ে একই বছরের ১১ নভেম্বর হাইকোর্টে রিট করলে আদালত সরকারের প্রতি রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্ট কারা বিধি অনুসারে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করেন। শুনানি শেষে আদালত আজ তা খারিজ করে দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আবদুর রাজ্জাক, মীর আহমেদ বিন কাশেম এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মামলা পরিচালনা করেন।মীর আহমেদ বিন কাশেম প্রথম আলোকে জানান, হাইকোর্ট তাঁদের কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে মোহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে কারাগারে ডিভিশন দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ বহাল থাকল।