কারাগারে দিল্লি ধর্ষণ মামলার অভিযুক্তের ওপর হামলা
দিল্লিতে মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় অভিযুক্ত বিনয় শর্মার হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। আজ শুক্রবার মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য আদালতে ভাঙা হাত নিয়ে হাজির হন বিনয় শর্মা।বিনয় শর্মার আইনজীবী এপি সিংয়ের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ভারতীয় বিমানবাহিনীর একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চাইলে পুলিশ ও তিহার জেলের অন্য বন্দীরা তাঁকে মারধর করে।ওই আইনজীবী আদালতে বলেন, ‘তিহার জেলের অন্যান্য বন্দী ও পুলিশ বিনয় শর্মাকে মারধর করে তাঁর ডান হাত ভেঙে দিয়েছে, যাতে তিনি পরীক্ষায় অংশ নিতে না পারেন।’ বিনয়ের ৭ এপ্রিল বিমানবাহিনীর পিয়নের চাকরিতে অংশ নেওয়ার কথা ছিল।এপি সিং আদালতে বলেন, বন্দীরা বিনয় শর্মাকে বলেছে, ‘তুমি পরীক্ষায় লিখতে চাও? তুমি ডান হাত দিয়ে পরীক্ষায় লিখতে চাও। আমরা তোমার হাত ভেঙে দেব।’ ওই আইনজীবী আদালতকে অনুরোধ করে বলেন, তিহার জেলের তত্ত্বাবধায়ককে এ ঘটনার জন্য সমন জারি করা হোক। গণধর্ষণের মামলাটিকে অন্য আদালতে হস্তান্তরের এবং বিনয়কে দিল্লি পুলিশের থেকে দূরে রাখারও আবেদন করেন আদালতে। এ ছাড়া বিশেষ সরকারি কৌঁসুলি ডায়ান কৃষ্ণান আদালতে ওই জেল তত্ত্বাবধায়ককে সমন জারির আবেদন জানান। এ সময় তিনি বলেন, ‘এই ঘটনা আমাকে ঝামেলায় ফেলেছে। এ মামলার স্বচ্ছ বিচার করা আমার দায়িত্ব। আমিও এই ঘটনায় (হাত ভাঙা) বিরক্ত।’গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে একটি চলন্ত বাসে প্যারামেডিকেলের একজন ছাত্রী গণধর্ষণের স্বীকার হন। এ ঘটনায় সারা ভারতে প্রতিবাদের ঝড় ওঠে। এ ধরনের ধর্ষণের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য এ বিষয়ে কঠোর আইন প্রণয়নেরও দাবি ওঠে।