কারাগারে পানি নেই, দুর্ভোগে বন্দীরা
গাজীপুর জেলা কারাগারের গভীর নলকূপটি বিকল হয়ে যাওয়ায় সেখানে চার দিন ধরে পানির সংকট চলছে। কারাগারের গভীর নলকূপটি গত বুধবার রাতে অকেজো হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছে কারাবন্দীরা। কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, গাজীপুর জেলা কারাগারে প্রতিদিন দেড় থেকে দুই লাখ লিটার পানি প্রয়োজন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং কারাগারের পাশের আড়ং দুধের কারখানায় উচ্চশক্তির মেশিনের সাহায্যে গভীর থেকে পানি উত্তোলন করার কারণে কারাগারের গভীর নলকূপটি গত বুধবার রাতে অকেজো হয়ে পড়ে। এতে কারাগারে পানির সংকট দেখা দেয়। পরে কারাগারের পাশের পুকুর, আড়ং দুধের কারখানা ও জেলা পুলিশ লাইন থেকে ট্যাংকারে করে পানি এনে কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও বন্দীদের গোসল ও খাওয়ার পানি সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে পানি না থাকায় কর্মকর্তা-কর্মচারী ও বন্দীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সূত্রটি আরও জানায়, কারাগারে অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ এবং ৮৮৩ জন বন্দী রয়েছে। প্রতিদিন দেড় থেকে দুই লাখ লিটার পানি প্রয়োজন হয়। এ ব্যাপারে গণপূর্ত বিভাগে যোগাযোগ করা হলে জানানো হয়, ওই কাজের জন্য তাদের কোনো বাজেট নেই। পরে কারা অধিদপ্তরে বরাদ্দ চেয়ে প্রাক্কলন পাঠানো হয়েছে। কারা অধিদপ্তর থেকে পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ পাওয়া সাপেক্ষে আগামী রোববারের মধ্যে গভীর নলকূপটি সংস্কার ও মেরামত করে পানি-সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব হবে। গাজীপুর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, কারাগারের গভীর নলকূপটি নিচের দিকে ১৪০ ফুট পর্যন্ত স্থাপিত। এটা প্রায় ৩৫০ ফুট গভীরে স্থাপন করা প্রয়োজন। আশপাশে বেশ কটি গভীর নলকূপ স্থাপিত হওয়ায় পানির স্তর নেমে গেছে। ফলে কারাগারের নলকূপ দিয়ে পানি উঠছে না। ঢাকা গণপূর্তের ইলেকট্রিক বিভাগের প্রকৌশলী মো. লুত্ফর আজিজ জানান, আরও গভীর থেকে পানি তোলার জন্য নতুন করে পাইপ স্থাপন করা হবে। কারাধ্যক্ষ আমজাদ হোসেন পানি-সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, পানি না থাকায় কারা কর্মকর্তা-কর্মচারী ও বন্দীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্য জায়গা থেকে গাড়ি দিয়ে পানি এনে কিছুটা কাজ চালানো হচ্ছে।