কারাগারে পিটুনি খেলেন সাবেক মুখ্যমন্ত্রী
ভারতের উত্তরাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে দুর্নীতির অভিযোগ কারাবন্দী সাবেক মুখ্যমন্ত্রী মধু কোড়া গতকাল সোমবার কারাগারে লাঞ্ছিত হয়েছেন। কারা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।পুলিশ দাবি করেছে, অন্য কারাবন্দীরা তাঁকে পিটিয়েছে। ঝাড়খণ্ডের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কে কে সোয়ার বলেছেন, ‘কোড়া একজন স্বতন্ত্র রাজনীতিবিদ। রাচির বিরসা মুন্ডা কারাগারে দুপুরে খাবার খেতে গেলে অন্য কারাবন্দীরা তাঁকে মারধর করে।’তবে কোড়া দাবি করেছেন, কারাগারের কর্মীরাই তাঁকে লাঞ্ছিত করেছেন। গুরুতর আহত অবস্থায় মধু কোড়াকে ঝাড়খণ্ডের রাজধানী রাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে কোড়া সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তিনি খাবারের মান পরীক্ষা করতে গেলে কারা কর্মীরা তাঁর ওপর হামলা করেছেন।২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন মধু কোড়া। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় লাখ লাখ ডলার আত্মসাতের অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশনায় ২০০৯ সালে গ্রেপ্তার হন তিনি। তাঁর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। তবে মধু কোড়া তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার এবং একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।