কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা ভোগ করছেন ওসি রফিক!
কলেজছাত্র মোমিন হত্যা মামলার আসামি এ কে এম রফিকুল ইসলাম (ওসি রফিক) কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা ভোগ করছেন। আদালতের আদেশের তথ্য গোপন করে তিনি এ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রপক্ষ কারা কর্তৃপক্ষের প্রতি এর কারণ জানানোর আদেশ চেয়ে আজ বুধবার আদালতে আবেদন করেছেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম ১৮ জানুয়ারি এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন।রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বছরের ২৯ জুন আসামি রফিক কারাগারে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ তাঁর আবেদনে পরিপ্রেক্ষিতে ২ জুলাই কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।আইনজীবী বলেন, পুলিশের একজন পরিদর্শক কোনোভাবেই প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা পেতে পারেন না। কিন্তু রফিককে কেন প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া হয়েছে, তা জানতে ফৌজদারি কার্যবিধির ৯৪ ধারায় কারা কর্তৃপক্ষকে সেই আদেশের নথিসহ আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।তবে কারা প্রশাসন জানিয়েছে, আদালতের আদেশ ও জেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে রফিককে দ্বিতীয় শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়া হয়।২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে কলেজে যাওয়ার পথে রাজধানীর ইব্রাহিমপুরে বাসার সামনে সন্ত্রাসীরা মোমিনকে গুলি করে হত্যা করে। মোমিনের বাবা আবদুর রাজ্জাক এ ঘটনায় কাফরুল থানায় ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।সূত্র জানায়, ৬ জানুয়ারি কারাগার থেকে আদালতে আসার পর রফিক আদালতের বারান্দায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলেন। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, তিনি পুলিশকে আসামির হাতে হাতকড়া পরাতে বলেন। তখন রফিক জানান, তিনি প্রথম শ্রেণীর বন্দী মর্যাদা পাচ্ছেন। এর পরই বিষয়টি জানাজানি হয়।