বন্দী সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ফোন করে তুলে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা
কারাগারে বসেই চাঁদাবাজি
‘সাত দিনের মধ্যে ১০ লাখ টাকা দিবি, নইলে ব্যবসা-বাণিজ্য সব বন্ধ। কারখানা থেকে মাল বের হবে না।’ এভাবেই চাঁদা চেয়ে তৈরি পোশাক কারখানার এক ব্যবসায়ীকে ফোন করেন অস্ত্র মামলার আসামি আসাদ। শীর্ষ সন্ত্রাসী বিকাশের এই সহযোগী এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী। ২৩ জুলাই বেলা ১১টায় মুঠোফোন কলটি রেকর্ড করা হয়।ঢাকা মহানগর পুলিশের এক উপকমিশনার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীর ফোন অনুসন্ধান করে তাঁরা জানতে পারেন, চাঁদা চেয়ে এই কলটি এসেছিল কাশিমপুর টাওয়ার থেকে।শুধু তৈরি পোশাক কারখানার মালিক নন, রাজধানীর বিভিন্ন এলাকা, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে চাঁদাবাজির ভয়াবহ চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, কারাবন্দী সন্ত্রাসীরা ফোনে অথবা চিরকুট পাঠিয়ে চাঁদা আদায় করছেন। এ ক্ষেত্রে সহায়তা করছেন কারাগার ও আদালতের একশ্রেণীর অসাধু কর্মচারী।র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা কারাগার ও আদালত চত্বর থেকে বিভিন্ন পেশার লোকজনের কাছে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছেন। চাঁদা না দিলে খুন করার ভয় দেখাচ্ছেন। এ ধরনের অনেক অভিযোগ র্যাবের কাছে এসেছে। কারাগার থেকে ফোনে হুমকির খবর র্যাব-পুলিশ নিশ্চিত করলেও কারা প্রশাসনের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান তা স্বীকার করেন না। তিনি বলেন, কারাগারে মুঠোফোনের তরঙ্গ প্রতিরোধক যন্ত্র (জ্যামার) বসানো রয়েছে। এখানে মুঠোফোন তরঙ্গ (নেটওয়ার্ক) সচল থাকারই কথা নয়। তবে এর আগে মুঠোফোনে কথা বলতে সহায়তা করার অভিযোগে দুই জ্যেষ্ঠ জেল সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকে আর এমন অভিযোগ শোনা যায়নি।রাজধানীর মৌচাক ও আনারকলি মার্কেটের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, শীর্ষ সন্ত্রাসী খোরশেদ আলম ওরফে রাসু কারাগারে বসেই এ দুটি মার্কেটসহ আশপাশের মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসে ১০-১২ লাখ টাকা করে নিয়ে যাচ্ছেন। তিনি কারাগার থেকে ফোনে, চিরকুট পাঠিয়ে চাঁদার টাকা আদায় করেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, রাসু বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী। সেখানে বসেই মুঠোফোনে ব্যবসায়ীদের চাঁদার জন্য হুমকি দিচ্ছেন। এভাবে গত এক বছরে রাসু মালিবাগ, মৌচাক, সিদ্ধেশ্বরী ও শান্তিনগর এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা চাঁদা তুলেছেন। মুন্সিগঞ্জ কারাগার থেকে রাসুর ফোন করার ব্যাপারে জানতে চাইলে জেলার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল বলেন, এ কারাগারে জ্যামার লাগানো আছে। কারও পক্ষে কথা বলা সম্ভব নয়। তবে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাহাবুবর রহমান বলেন, কারাগার থেকে ফোনে শুধু চাঁদা চেয়ে হুমকিই নয়, খুন করার হুকুম দেওয়ার ঘটনাও ঘটছে। এ ধরনের অপরাধীকে গ্রেপ্তারও করা হচ্ছে।ঢাকা মহানগর পুলিশের একটি গোপন প্রতিবেদনে বলা হয়, রাজধানীর শীর্ষ সন্ত্রাসী জিসানের প্রধান সহযোগী রনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে গত বছরের ৩০ জুলাই থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে এক লাখ ৪৭ হাজার ৩৬৮ সেকেন্ড (৪০ ঘণ্টার বেশি) কথা বলেছেন। গোয়েন্দা কর্মকর্তারা এসব কথাবার্তা রেকর্ড করেছেন। বেশির ভাগ কথা ছিল চাঁদা দাবিসংক্রান্ত। কলকাতায় গ্রেপ্তার হওয়া এই রনিকে ২০০৯ সালে ফেরত দেয় ভারত। গোয়েন্দা পুলিশের প্রতিবেদনে দেখা গেছে, ২০১১ সালের ৩০ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়ে রনি ২৭ হাজার ৭৩০ সেকেন্ড মুঠোফোনে কথা বলেন। ওই বছরের ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কথা বলেন এক লাখ পাঁচ হাজার ৬৪১ সেকেন্ড। আর ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কথা বলেন ১৩ হাজার ৯৯৬ সেকেন্ড।এই দীর্ঘ সময়ে জিসানের হয়ে রনি বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি ও আদায় করেন। সন্ত্রাসী জিসান এখন দুবাই। কারাগারে বসে রনি দুবাই ও ভারতে একাধিক নম্বরে কথা বলেছেন এমন প্রমাণ পুলিশের হাতে রয়েছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, রনি মহানগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন ও চাঁদাবাজির মামলা রয়েছে। জিসান গ্রুপের সেকেন্ড-ইন কমান্ড তিনি। রনিকে মুক্ত করতে দুবাই থেকে জিসান নানা তৎপরতা চালান। গত ২২ জুন জামিনে মুক্তি পান তিনি। গোয়েন্দা পুলিশ ২৯ জুন তাঁকে আবার গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কারাগার থেকে ফোনে চাঁদা দাবির ঘটনা স্বীকার করেন রনি। এসব কথা জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশাদার অপরাধী গ্রেপ্তার’ দলের প্রধান ও সহকারী কমিশনার সানোয়ার হোসেন। পুলিশের জিজ্ঞাসাবাদে রনি জানান, কারাগারের ভেতরে একটি সিম চার-পাঁচ দিন ব্যবহার করেই ফেলে দিতেন। বেশির ভাগ সময় কথা বলতেন কারাগারের বাথরুমে বসে। বাথরুমের ভেতরে মোবাইল ফোন রাখার বিশেষ জায়গা আছে। মামলার হাজিরার সময় আদালত চত্বর থেকে সিম সংগ্রহ করে কারাগারে নিয়ে যেতেন।রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে টেলিফোনে চাঁদা দাবির সত্যতা পাওয়া যায়। তবে এ ব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু বলতে চাননি। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া বলেন, বেশ কিছুদিন থেকে আর এ ধরনের অভিযোগ তিনি পাচ্ছেন না। মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সভাপতি হারুন অর রশিদও একই ধরনের মন্তব্য করেন।ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, রাজধানীর ছিনতাইকারীদের সবচেয়ে বড় দল রমজান ও জাহাঙ্গীর গ্রুপের দুই নেতা রমজান ও সুমন তিন মাস আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে মুঠোফোন ব্যবহার করে তাঁদের হুমকি দেন। মহানগর পুলিশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর আরেক সন্ত্রাসী ডাকাত শহীদের দুই প্রধান সহযোগী আমান ও শাহিন কারাবন্দী। র্যাবের ক্রসফায়ারে ডাকাত শহীদ নিহত হওয়ার পর তাঁর দল নিয়ন্ত্রণ করছেন সূত্রাপুরের বাঙাল মামুন, দাঙ্গা লিটন, ভাগনে রনি, নারিন্দার শাহজাহান, গ্রিল দেলোয়ার, বরিশাইল্লা সেন্টু, কালা মিন্টু, গরদা বাবু, পাতাল রাসেল, চশমা নাসের, আঙুল কাটা সুমন ও ব্ল্যাক আনোয়ার। আমান ও শাহিন কারাগারে বসে এঁদের সঙ্গে যোগাযোগ করছেন। এঁদের ফোন সংলাপও গোয়েন্দা পুলিশের হাতে রয়েছে।একাধিক সূত্র জানায়, ভারত থেকে ফিরিয়ে আনা সন্ত্রাসী সানজিদুল হক ওরফে ইমন, হাবিবুর রহমান তাজ ওরফে নাইমুল হাসান, সোহেল ইব্রাহীম, বিপ্লব ওরফে লম্বা সেলিম, ইসহাক, সূত্রাপুরের রফিক মল্লিক ওরফে ইব্রাহিম মল্লিক এবং টাঙ্গাইলের বাবুল ওরফে জুয়েল, সাজু, জব্বার ও হাবিব কারাগারে আছেন। র্যাবের প্রতিবেদনে বলা হয়, তাজ, লম্বা সেলিম. ইব্রাহিম ও ইমনের মোবাইল ফোনে চাঁদাবাজির খবর জানাজানি হওয়ার পর কারা প্রশাসন সতর্ক ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁদের তৎপরতা আবার বেড়ে গেছে। সন্ত্রাসীরা আদালতে এসে মুঠোফোনে কথা বলার সময় একশ্রেণীর আইনজীবী ও কর্মচারী তাঁদের সহায়তা করেন বলে অভিযোগ আছে।