কারাগারে বসেই পিএইচডি
কারাগারেই ভারতের বিহার রাজ্যের দণ্ডিত একজন রাজনীতিবিদ পিএইচডি ডিগ্রি পেতে যাচ্ছেন। তাঁর নাম বিনয় কুমার শুক্লা ওরফে মুন্না শুক্লা। এর আগে এ রাজ্যর আরও দুজন সাজাপ্রাপ্ত রাজনীতিবিদ পিএইচডি ডিগ্রি পেয়েছেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিনয় কুমার শুক্লা জনতা দলের (ইউনাইটেড) বিধায়ক ছিলেন। বিহারের সাবেক মন্ত্রী ব্রিজ বিহার প্রসাদ হত্যার দায়ে ২০০০ সালে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিনয় কুমার শুক্লা হিন্দি ভাষায় পিএইচডি করেছেন। হিন্দি উপন্যাসে রাজনৈতিক সচেতনতা ছিল তাঁর গবেষণার বিষয়। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন রামেশ্বর কলেজের দেবানন্দ প্রসাদ। তিনি বলেন, বি আর আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয় তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করবে।অস্ত্রবাজ হিসেবে বিনয় কুমার শুক্লার ব্যাপক পরিচিতি ছিল। তিনি পরে রাজনীতিতে যোগ দেন। এর আগে ১৯৯৪ সালে একটি খুনের মামলা শুক্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে পাটনা হাইকোর্ট থেকে তিনি খালাস পান।রাষ্ট্রীয় জনতা দলের সাবেক নেতা মো. শাহাবুদ্দিন আহমদও কারাগারে থাকা অবস্থায় পিএইচডি ডিগ্রি পেয়েছিলেন। এ ছাড়া জনতা দলের (ইউনাইটেড) অন্য আরেক বিধায়ক সুনীল পান্ডেও কারাগার থেকে পিএইচডি পেয়েছিলেন।