কারাগারে মিলনকে নির্যাতন করা হচ্ছে, অভিযোগ স্ত্রীর
‘মিলনকে শুধু কারাগারে বন্দী করেই রাখা হয়নি, করা হচ্ছে নির্যাতন ও হয়রানি’—এমন অভিযোগ আনলেন তাঁর স্ত্রী নাজমুন নাহার বেবী। তিনি বলেছেন, মিলনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলার একটিরও কোনো ভিত্তি নেই। আজ সোমবার চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নাজমুন নাহার এসব অভিযোগ করে মিলনের মুক্তি দাবি করেন। আ ন ম এহছানুল হক মিলন মুক্তি পরিষদ চাঁদপুর জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সম্মেলন শেষে বিএনপি নেতা-কর্মীরা মিলনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।কচুয়া উপজেলার সাচার এলাকার কলিমউল্যার দায়ের করা মামলায় গত বছরের ১৪ মার্চ মিলন আদালতে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। ওই মামলায় মিলনের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০০৩ সালের ১৬ অক্টোবর কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায় মিলন ও তাঁর স্ত্রী নাজমুন নাহার বেবীসহ দলীয় ৩৮ জন নেতা-কর্মী মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি বহরে হামলা চালান।সংবাদ সম্মেলনে বেবী বলেন, মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানায় ও আদালতে এ পর্যন্ত ২৩টি মামলা করা হয়েছে। বর্তমানে তিনি ২১টি মামলায় জামিন পেয়েছেন। একটি মামলায় জামিন পেতে না পেতেই আরেকটি মিথ্যা মামলা দিয়ে তাঁর মুক্তির পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে।‘মিলনের বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই, মাটি চুরি, ষাটোর্ধ্ব মহিলাকে ধর্ষণ, নির্বাচনী অফিস ভাঙচুর’সহ বিভিন্ন অভিযোগ এনে যেসব মামলা দায়ের করা হয়েছে, তা দুঃখজনক বলে মন্তব্য করেন তাঁর স্ত্রী।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল বিন বাশার প্রমুখ।