কারাগারে সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক
জামিন আবেদন বাতিল হওয়ায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন মামলায় আজ সোমবার সকালে ঢাকা মহনগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন ওমর ফারুক। শুনানির পর আদালতের অবকাশকালীন বিচারক মো. হেলাল উদ্দিন ওমর ফারুক তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওমর ফারুকের পক্ষে শুনানিতে অংশ নেন কাজী নজিবুল্লাহ। এর আগে গত ২৫ নভেম্বর ওমর ফারুক ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় হাইকোর্টের আদেশসহ মামলার মূল নথি না থাকায় ওই দিন জামিনের ওপর শুনানি না নিয়ে ওমর ফারুককে জামিনে থাকার আদেশ দেন আদালত।এ মামলায় সেদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওমর ফারুকের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে বলা হয়, গত ১৪ মে সম্পদের হিসাব চেয়ে এপিএস ওমর ফারুকের কাছে চিঠি পাঠায় দুদক। ৩ জুন ফারুক তাঁর সম্পদের বিবরণী দাখিল করেন। প্রাথমিক অনুসন্ধান শেষে ১৪ আগস্ট রমনা থানায় এ মামলা করে দুদক। সম্পদের বিবরণীতে ফারুক ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও এক কোটি দুই লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন। এতে তিনি দুই লাখ ৪৩ হাজার টাকা অর্থমূল্যের সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া ফারুকের নামে এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। মামলায় ২২ জনকে সাক্ষী করা হয়েছে।