কারাগারে ১০৪৮ জন বন্দী বিদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন কারাগারে এক হাজার ৪৮ জন বিদেশি নাগরিক আটক রয়েছে। এর মধ্যে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত কয়েদি এবং বিচারাধীন আসামিও রয়েছে। বিদেশি বন্দীদের মধ্যে সর্বাধিক ৬৬৬ জন মিয়ানমারের। ভারতের ৩৪৯ জন, পাকিস্তানের ২১ জন, তানজানিয়ার তিনজন, নেপালের ছয়জন এবং জাপান, মালয়েশিয়া ও হাঙ্গেরির একজন করে বন্দী রয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের ৬ জুনের সর্বশেষ হিসাব অনুসারে দেশের কারাগারগুলোতে ৭৭ হাজার ৮০৫ জন বন্দী আটক আছে। তিনি জানান, দেশের প্রায় সব কারাগারেই ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রয়েছে। ২৭টি নতুন কারাগারের নির্মাণকাজ চলছে। আরও ১৮টি কারাগার নির্মাণ প্রক্রিয়াধীন।