কারাগারে ‘পুকুরচুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্তগোলার সরকারি খাদ্যগুদাম থেকে এক কুইন্টাল (১০০ কেজি) চাল, গম, চিনি বা লবণ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার ভাড়া এক পয়সা। এ হিসাবে প্রতি ১০ টনের একটি ট্রাকের ভাড়া মাত্র এক টাকা। এই ভাড়ার মধ্যে পণ্য ওঠানো-নামানোর খরচও আছে।এ রকম অবিশ্বাস্য দরেই গত অর্থবছরে কারাগারের জন্য খাদ্যশস্য পরিবহন করেছে মেসার্স এমআরপি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কারা প্রশাসনের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম নিজেও এই দর নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনার মতো আমারও প্রশ্ন, কী করে এরা কম দামে পণ্য পরিবহন করছে।’এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ কয়েকটি কারাগারে পণ্য কেনা, সরবরাহ ও পরিবহন নিয়ে এক পুকুরচুরির কাহিনি। আসলে পণ্য পরিবহনের ক্ষেত্রে ঠিকাদারির অনুমতি পাওয়াটাই বড় কথা, দর দাম কোনো ব্যাপার নয়। যে পরিমাণ পণ্য কারাগারে সরবরাহ করার কথা, তার বেশির ভাগই মাঝপথে বেহাত হয়ে যায়। বেহাত হওয়া পণ্য বিক্রির ভাগ চলে যায় বিভিন্ন স্তরে। পরিবহন ঠিকাদারও ট্রাকভাড়ার ক্ষতি পুষিয়ে ভালোই লাভ করেন এ ব্যবস্থা থেকে। বিভিন্ন অভিযোগ ও তদন্ত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এক পয়সা দরে কার্যাদেশ দিয়েছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার তৌহিদুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, ওই সময় দরপত্র কমিটির সুপারিশের ভিত্তিতে তিনি কার্যাদেশ দিয়েছিলেন। কারাগারের অন্য একজন কর্মকর্তা জানান, ট্রাকভাড়া এক টাকা দর দেওয়ার মূল কারণ, কাজটি যেন অন্য কেউ না পায়।এক টাকা দিয়ে দেশের কোথাও কোনো ধরনের ট্রাক ভাড়া পাওয়া যায় কি না, টেলিফোনে জানতে চাইলে মেসার্স এমআরপি এন্টারপ্রাইজের মালিক এম এ জাহের বলেন, ‘আমি দিতে পারলে আপনার সমস্যা কী?’কারা প্রশাসনের পণ্য সরবরাহের সঙ্গে জড়িত একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর কাছে স্বীকার করেন, কারাগারে পণ্য সরবরাহের জন্য ১০-১২ জনের একটি চক্র গড়ে উঠেছে। বছরের পর বছর ধরে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে। এ চক্রের প্রধান রনি এন্টারপ্রাইজের মালিক কুদরতউল্লাহ। তিনি ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) গোলাম হায়দারের আপন ভগ্নিপতি। তাঁর ক্ষমতার উৎস এখানেই। গোলাম হায়দার তিন বছর এ পদে থাকার পর অবসরে যান। এরপর গত ১৯ সেপ্টেম্বর আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে একই পদে যোগদান করেন। গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, ‘কুদরতউল্লাহ আমার ভগ্নিপতি, এটা ঠিক। কিন্তু আমি কোনো চক্রের সঙ্গে জড়িত নই।’কারাগার সূত্র জানায়, দেশের ৭৬টি কারাগারে গড়ে প্রতিদিন ৭০ হাজারের মতো বন্দী থাকেন। একজন কারাবন্দীর খাবারের জন্য প্রতিদিনের বরাদ্দ ৫৩ টাকা ২৭ পয়সা। বন্দীদের জন্য প্রতিবছর ১২২টি পণ্য সরবরাহকারীর মাধ্যমে কেনা হয়। গত বছর কারাগারের জন্য কেনা হয়েছে ১৩৩ কোটি ৭৫ লাখ টাকার পণ্য। এ বছর এ খাতে বরাদ্দ আছে ১৩৭ কোটি ৫০ লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কারা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, এ বিপুল পরিমাণ অর্থে পণ্য কেনাকাটা নিয়ে সব সময়ই কারা প্রশাসনে লুটপাট চলে। নিয়ম অনুসারে কারা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি দরপত্র কমিটি হয়। তবে কারা প্রশাসনের বিভাগীয় প্রধান বা উপমহাপরিদর্শকই দরপত্র কমিটির চেয়ারম্যান থাকেন। সবকিছু তিনিই নিয়ন্ত্রণ করেন। এসব কমিটি সব সময় অস্বাভাবিক বেশি দর অথবা অবিশ্বাস্য কম দরেই কার্যাদেশ দেওয়ার সুপারিশ করে থাকে। এদের দর কখনো বাজারের সঙ্গে মেলে না। অস্বাভাবিক কম বা অস্বাভাবিক বেশি দরে পণ্য কেনাবেচার মাধ্যমে দুর্নীতি হয়।যোগাযোগ করা হলে কারা প্রশাসনের মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কম দামে পণ্য পরিবহন করে ঠিকাদার। এটা তাদের ব্যাপার। এখানে দুর্নীতিটা হচ্ছে কী করে?’কারাগারে পণ্য সরবরাহকারী করে মেসার্স ইয়াহিয়া এন্টারপ্রাইজ। এর মালিক মো. ইয়াহিয়ার অভিযোগ, গোলাম হায়দারের পছন্দের লোকজন কাজ না পেলেই তিনি পুনঃ দরপত্রের সুপারিশ করেন। এ রকম ঘটনার প্রতিবাদে তিনি দরপত্র-সংক্রান্ত আপিল আদালতে ছয়টি মামলা করেছেন। এসব মামলায় কাশিমপুরের দুটি, ঢাকার তিনটি ও গাজীপুরের একটি দরপত্রের ব্যাপারে অভিযোগ করা হয়েছে। আপিল আদালতের বিচারে দুর্নীতি-অনিয়মের প্রমাণও মিলেছে। তিনি আরও অভিযোগ করেন, গোলাম হায়দার গাজীপুরের দরপত্র খোলার পর পছন্দের ঠিকাদারকে তা দেখার সুযোগ করে দিয়েছেন। আবার তিনি মূল্যায়ন কমিটির সভাপতি হয়ে ঢাকায় দরপত্র খোলার সময় নিজে উপস্থিত ছিলেন। তাঁর ভগ্নিপতি কাজ না পাওয়ায় তিনি সেটা বাতিলও করে দেন।এ অভিযোগের ব্যাপারে গোলাম হায়দার বলেন, ‘নিয়ম ভেঙে আমি কিছুই করিনি। আপিল আদালতে আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।’একাধিক ঠিকাদার বলেন, ওই চক্র কাজ না পেলেই দাম কমবেশি করা হয়। নতুন ঠিকাদারকে তারা বিপদে ফেলার চেষ্টা করে। একই পণ্য একেক কারাগারে একেক দরে কেনা হয়।বিভিন্ন কার্যাদেশ থেকে দেখা গেছে, এক কেজি চিড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেনা হয় ১৯ টাকা ৯৩ পয়সায়। যে প্রতিষ্ঠান এটা সরবরাহ করেছে, সেই একই প্রতিষ্ঠান কাশিমপুর কারাগারে সরবরাহ করছে ৪৮ টাকা কেজি দরে। প্রতি কেজি পাম অয়েল ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৮৮ টাকা। আর কাশিমপুরে ১১৭ টাকা। মেসার্স নুরুজ্জামান ঢাকায় পাঙাশ মাছ সরবরাহ করেছে প্রতি কেজি ৬৯ টাকা ৪০ পয়সা দরে, কাশিমপুরে ১০৯ টাকা আর গাজীপুরের ৮৯ টাকা ৯০ পয়সা দরে।একই ঠিকাদার কী করে একেক কারাগারে একেক দামে পণ্য সরবরাহ করছেন, জানতে চাইলে কমিটির চেয়ারম্যান ডিআইজি গোলাম হায়দার বলেন, ‘প্রতিযোগিতামূলক দরপত্রে কেউ কম বা কেউ বেশি দিলে আমাদের কী করার আছে। আমরা যেসব কাগজপত্র পাই, তার ওপর সুপারিশ করি।’বাজারে এক কেজি উন্নতমানের মসুর ডালের দাম ১২০-১৩০ টাকা। পাইকারি বাজারে এ দর ১০-১২ টাকা হেরফের হতে পারে।কিন্তু মজার বিষয় হলো, ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক কেজি উন্নতমানের মসুরের ডাল সরবরাহ করা হচ্ছে মাত্র ৫৬ টাকা ৫৬ পয়সা দরে। কাশিমপুর কারাগারের এ দর ৫৫ টাকা ৫৫ পয়সা। আবার মানিকগঞ্জ ও চট্টগ্রাম কারাগারে এ দর ৮০ টাকার বেশি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডাল সরবরাহের কার্যাদেশ পেয়েছে মেসার্স শাহজাহান মিয়া। কাশিমপুর কারাগারে ডালের দর ৪৮ টাকা ৯৮ পয়সা আর গাজীপুরে ৪৭ টাকা ৯৮ পয়সা এবং মানিকগঞ্জ কারাগারে মসুর ডালের দর ৮১ টাকা ৯০ পয়সা।কী করে এত কম দামে ডাল সরবরাহ করছেন? জবাবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিকাদার শাহজাহান মিয়া বলেন, ‘এ ব্যবসায় আমার আরও অংশীদার আছে। তারা এসব কেনাকাটা করে। দরদাম তারাই জানে।’ এদের ফোন নম্বর জানতে চাইলে তিনি আর কথা বলতে চাননি। একই চক্রের সদস্য মানিকগঞ্জ কারাগারের ঠিকাদার কুদরতউল্লাহ কম দামের ব্যাপারে বলেন, ‘শাহজাহান মিয়ার কোটি কোটি টাকার পৈতৃক সম্পদ আছে। তিনি সেই টাকা থেকে ভর্তুকি দিচ্ছেন জেলখানার আসামিদের জন্য।’রাজধানীর কারওয়ান বাজারে এখন বেগুনের কেজি ২৫-৩০ টাকা। অথচ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বেগুন সরবরাহ করা হচ্ছে ১২ টাকা ৪৫ পয়সা দরে। আবার গাজীপুরের দর ১৪ টাকা ৪৫ পয়সা আর কাশিমপুরে ১৯ টাকা ৯০ পয়সা। এক কেজি আলুর পাইকারি দাম ২০ টাকা। অথচ ঢাকা কেন্দ্রীয় কারাগারে সেই আলু সরবরাহ করা হচ্ছে ১২ টাকা ৯১ পয়সা দরে। একইভাবে প্রতিটি লাউ ছয় টাকা ৯০ পয়সা, প্রতি কেজি মিষ্টিকুমড়া ছয় টাকা ৯০ পয়সা, একটি চালকুমড়া সাত টাকা ৯০ পয়সা, করলা ১২ টাকা ৫৭ পয়সা, পটল ১০ টাকা ৯১ পয়সা, রুই মাছ ১২৭ টাকা ৪০ পয়সা, কাতলা মাছ ১৩৫ টাকা, পাঙাশ মাছ ৬৯ টাকা ৪০ পয়সা দরে সরবরাহ করা হচ্ছে। কুষ্টিয়া ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান এটি সরবরাহ করছে।কী করে এত কম দামে এসব পণ্য সরবরাহ করছেন? জানতে চাইলে কুষ্টিয়া ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান বলেন, ‘আমরা পাইকারি বাজার থেকে মাল কিনি। লাভ আমাদেরও বেশি হয় না। তার পরও ’৭৮ সাল থেকে এ ব্যবসা করছি। এখন নাম ধরে রাখার জন্য করছি।’তবে একাধিক ঠিকাদার প্রথম আলোর কাছে স্বীকার করেন, দর-দাম যা-ই হোক, কারাগারে কখনো পরিমাণমতো পণ্য সরবরাহ করা হয় না। বেশির ভাগ ক্ষেত্রে কম দামের পণ্য সরবরাহ করে বিল আদায় করা হয় বেশি দামের পণ্যের। এতে করে বন্দীদের ভাগ্যে আর ভালো খাবার জোটে না।কারাগারে বন্দীদের সুযোগ-সুবিধা দেখার জন্য বেসরকারি কারা পরিদর্শক থাকার নিয়ম রয়েছে। বেসরকারি কারা পরিদর্শকেরা খাবারের মানসহ বন্দীদের ভালো-মন্দ দেখভাল করেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জন্য কোনো বেসরকারি পরিদর্শক নিয়োগ করেনি।সাবেক বেসরকারি কারা পরিদর্শক এলিনা খান প্রথম আলোকে বলেন, একজন বন্দীর জন্য প্রতিদিনের বরাদ্দ মাত্র ৫৩-৫৪ টাকা। ফলে এমনিতেই বরাদ্দ কম, তারপর আছে নানা অনিয়ম। দেখা গেছে, খাবারের মান খুবই খারাপ। আবার পরিমাণেও কম। অনেক খাবার মানুষের খাওয়ার উপযোগীও নয়। এ নিয়ে অভিযোগ করা হলে দু-চার দিন সব ঠিক থাকে, তারপর আগের অবস্থায় চলে যায়।