কারাগারের আটকদের নিয়ে উদ্বিগ্ন হোন : মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘আমাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নাই। বরং কারাগারের ভেতরে যাঁরা রয়েছেন তাঁদের নিয়ে উদ্বিগ্ন হোন।’আজ শনিবার দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন: আগামী ৪০ দিনের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন মিজানুর রহমান।বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, সুন্দরবনকে ভোট দেওয়ার ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। এ ক্ষেত্রে মুহম্মদ জাফর ইকবাল, আলী যাকের, আসাদুজ্জামান নূর, শাইখ সিরাজ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-উর-রশিদ প্রমুখকে সম্পৃক্ত করা যেতে পারে।সিলেটে কারাগারে ঢুকতে না দেওয়ার ব্যাপারে মিজানুর রহমান বলেন, ‘মানবাধিকার কমিশন আইনের ১২ ধারা অনুযায়ী কমিশন কারাগার, হাসপাতালসহ এই জাতীয় প্রতিষ্ঠানগুলোয় যখন-তখন পরিদর্শন করতে পারবে। সেখানে কোনো অনিয়ম হচ্ছে কি না, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কি না—তা তদন্ত করতে পারবে এবং সে অনুযায়ী কমিশন সরকারের কাছে তদন্ত প্রতিবেদন বা সুপারিশ করতে পারবে। কিন্তু সিলেটের আইজি প্রিজন আমার নিরাপত্তার দোহাই দিয়ে আমাকে কারাগারে প্রবেশ করতে দেননি।’মিজানুর রহমান বলেন, ‘এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার ব্যবস্থা না নিলে আমরা হাইকোর্টে বিচার প্রার্থনা করব।’নিরাপত্তার দোহাইকে অজুহাত উল্লেখ করে তিনি বলেন, ‘ওই কারাগার সম্পর্কে আমাদের কাছে বেশ কিছু অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসায় আমরা কাউকে না জানিয়ে অভিযোগ খতিয়ে দেখতে সিলেটে ঝটিকা সফরে গিয়েছিলাম।’