কারাগারের তরলবর্জ্যে বন্দী এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কমলদহ রোড হয়ে উর্দু রোডে আসার পথে নাকে দুর্গন্ধ হামলে পড়ে, পেট গুলিয়ে আসে। দুর্গন্ধটা আরও প্রকট হয়ে ওঠে সড়কটির নিচের দিকে তাকালে।’ বলছিলেন উর্দু রোড জামে মসজিদে নামাজ পড়তে আসা শওকত আকবর। এলাকা ঘুরে দেখা গেছে, সড়কটির এক পাশে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উঁচু দেয়াল। দেয়ালঘেঁষে মূল সড়কে রয়েছে কয়েকটি পয়োঃসংযোগের খোলা নল। সেগুলো থেকে বেরিয়ে আসা পয়োবর্জ্যে সয়লাব উর্দু রোড, কমলদহ রোড এবং আশপাশের সড়ক। মূল সড়কে জমে থাকা পানির হলদেটে রং আর কটু দুর্গন্ধে গা গুলিয়ে আসে।উর্দু রোডের আদিবাসিন্দা ও সমাজকর্মী সেলিমা রহমান জানান, সকালবেলা পয়োবর্জ্যের চাপ বেশি থাকে বলে সে সময় এলাকায় টেকা দায় হয়ে পড়ে। আবার স্কুলগামী শিক্ষার্থীদের পথ চলতেও বেশ বেগ পেতে হয়। কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজার কয়েদি থাকার পরও কারা কর্তৃপক্ষের কোনো পয়োনিষ্কাশন নালা নেই। ফলেপয়োবর্জ্য উঠে আসে সড়কে। পয়োনলে সয়লাব সড়কের ঠিক বিপরীত পাশেই রয়েছে দেশীয় তৈরি পোশাক পণ্যের বিপণিবিতান। সেখানে থাকা ব্যবসায়ীদের ভোগান্তির শেষ নেই। বাংলাদেশ অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন মালিক জানান, বিপণিবিতানগুলোর কর্মজীবী ও ব্যবসায়ীদের কাছে দুর্গন্ধ এখন অনেকটা গা-সওয়া হয়ে গেছে। কিন্তু দুপুরে খাবার সময় সমস্যা হয় বলে জানান তিনি।আবার এখানে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত আসেন বাংলাদেশ ইমিটেশন জুয়েলারি সমিতির সভাপতি আনিসুর রহমান ও বাংলাদেশ পেন ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্ডাইজিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সাত্তার। তাঁরা অভিযোগ করেন, চকবাজার এলাকাটি ব্যবসার প্রাণকেন্দ্র। এখানে দেশের প্রায় সব রকম ব্যবসায়ীর আনাগোনা রয়েছে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশ কাম্য নয়।উর্দু রোডের বাসিন্দা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রভাষক জিয়াউর রহমান বলেন, ‘ক্রমাগত দুর্গন্ধে থাকতে থাকতে মানুষের ঘ্রাণশক্তি নষ্ট হতে পারে। আবার পয়োবর্জ্যের পানিতে থাকা সংক্রামক নানা রোগে আক্রান্ত হতে পারে এলাকাবাসী।’এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার (ঢাকা) তৌহিদুল ইসলাম জানান, মূল পয়োনিষ্কাশন সংযোগের সঙ্গে যত দিন নলটি যুক্ত না করা হচ্ছে, তত দিন সমস্যাটি থাকবে। ১৫ ফেব্রুয়ারিও ডিসিসির ড্রেনেজ বিভাগে একটি আবেদন পাঠানো হয়েছে।কারাগারের পয়োবর্জ্য প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, বিষয়টি দেখার দায়িত্ব ঢাকা ওয়াসার। ডিসিসি পয়োনালার কোনো বিষয় দেখাশোনা করে না। বৃষ্টির পানি অপসারণের ডিসিসির যে নালা রয়েছে, তাতে পয়োসংযোগ দেওয়া যাবে না। এটা অবৈধ হবে। এ ক্ষেত্রে সড়কে জমে থাকা ময়লা অপসারণে ডিসিসি কাজ করবে।ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) শহীদ উদ্দিন জানান, উর্দু রোড ও কমলদহ রোডের পয়োবর্জ্য উপচে পড়া ভোগান্তির বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন।