কারাগারের শিশুদের উন্নয়নকেন্দ্রে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক শিশু-কিশোরদের দ্রুত কারাগার থেকে কিশোর উন্নয়নকেন্দ্র (সেইফ হোম), নিরাপদ আশ্রয় বা উপযুক্ত স্থানে পাঠানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ে বলা হয়, ‘শিশু আইন অনুসারে শিশুদের জেলে রাখা সম্পূর্ণ বেআইনি। শিশু ও কিশোরদের জন্য কারাগার বা জেল নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। কারাগারে থাকা শিশুদের দ্রুত নিকটবর্তী উন্নয়নকেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হলো। এতে ব্যর্থ হলে আইনের সঙ্গে জড়িত শিশুদের দ্রুত জামিন বিচেনার জন্য সংশ্লি¬ষ্ট বিচারকদের নির্দেশ দেওয়া হলো।’ মেয়ে শিশু ও কিশোরীদের জামিনের আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করতে বলা হয়েছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবরে অনুলিপি পাঠাতে বলা হয়েছে। এ রায়কে স্বাগত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট।রায় প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে জানান, আদালত রুল নিষ্পত্তি করে কয়েকটি নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন। শিশু-কিশোরদের কারাগার থেকে সেইফ হোম বা নিরাপদ স্থানে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে তাদের জামিন বিবেচনার জন্য সংশ্লিষ্ট বিচারকদের বলা হয়েছে। সম্প্রতি ১৪৫ জন শিশু ও কিশোরের কারাগারে থাকার বিষয় নিয়ে বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে এলে গত ২৯ সেপ্টেম্বর সরকারের প্রতি স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) রুল জারি করেন। রুলের শুনানি শেষে আদালত এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি ফাহিমা নাসরিন শুনানিতে অংশ নেন। বর্তমানে দেশের বিভিন্ন কারাগার ১০৯ জন শিশু ও কিশোর আটক আছে। এদের মধ্যে ৪১ জনের বয়স ১৬ বছরের নিচে। এ ছাড়া বাকিদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। গত আগস্টে আটক শিশু-কিশোরের সংখ্যা ছিল ১৪৫ জন। সেপ্টেম্বরে সংখ্যা ছিল ১২১ জন। ১৯৭৪ সালের শিশু আইন অনুযায়ী অভিযুক্ত কোনো শিশুকে কারাগারে পাঠানোর বিধান নেই।