প্রত্যেক মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মরক্ষার কৌশল জানা থাকা ভালো। এর মাধ্যমে কিশোর, কিশোরী, যুবকেরা অনেক অপ্রীতিকর ঘটনা এড়াতে পারেন। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশলটি পুরোপুরি রপ্ত করা যায়। কারাতে প্রশিক্ষিত করার কাজ করছে কিশোরগঞ্জ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন।অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক এম আবদুল্লাহ শত শত শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে আত্মরক্ষায় পারদর্শী করেছেন।যোগাযোগ করা হলে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, এম আবদুল্লাহ একটি জেলা শহরে এ প্রজন্মের ছেলেমেয়েদের কারাতে প্রশিক্ষণের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন; বিশেষ করে তরুণীদের তিনি কারাতে প্রশিক্ষণে সম্পৃক্ত করতে পেরেছেন।দুটি ঘটনা: অ্যাসোসিয়েশনের সদস্য সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্র ‘কারাতেকা’ (কারাতে প্রশিক্ষিত) আশরাফুল ইসলাম ২০০৯ সালের ২৬ আগস্ট অসুস্থ শিক্ষকের শুশ্রূষা শেষে রাত নয়টায় শহর থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল। কোনামাটি এলাকার সেতুর কাছে এলে চার ছিনতাইকারী তার পথরোধ করে। একজন তার সাইকেলটি জোর করে নিয়ে যায়। অন্য তিনজন তাকে ধরতে এলে সে ‘ইয়েল’ (কারাতের চিৎকার) দিলে ভয় পেয়ে যায় ছিনতাইকারী দল। সুযোগ বুঝে আশরাফুল ‘কিক’ (কারাতের লাথি), ‘পাঞ্চ’ (ঘুষি) দিয়ে দুজনকে আহত করেন। ভয়ে চার ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।আরেক সদস্য কারাতেকা লুৎফুন্নেছা রুমা ২০০৩ সালে শহরের তারাপাশায় দুই বখাটের কবলে পড়লে কারাতের মাধ্যমে তাদের কুপোকাত করে সুস্থভাবে বাড়ি ফেরে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। গত কয়েক বছরে কারাতের কৌশল প্রয়োগ করে নিজেদের রক্ষা করার এ রকম শতাধিক উদাহরণ রয়েছে কিশোরগঞ্জে।গল্পের শুরু: এম আবদুল্লাহ ‘কিশোরগঞ্জ মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন’ গড়ে তোলেন ২০০৩ সালে। শুরু করেন কারাতে প্রশিক্ষণ। প্রথমে প্রশিক্ষণ দিতেন শহরের পৌরসভার টাউন হলে। একপর্যায়ে স্থান সংকুলান না হওয়ায় তিনি যে প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক, সেই আরজত আতরজান উচ্চবিদ্যালয়ে নিয়ে যান এর কার্যক্রম। খোলা মাঠে প্রতিদিন প্রশিক্ষণার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বিদ্যালয়ের প্রাঙ্গণ।প্রতিদিন আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের খোলা মাঠে এম আবদুল্লাহ ৪০-৫০ জন তরুণ-তরুণীকে ঘণ্টাব্যাপী কারাতে প্রশিক্ষণ দেন নিখরচায়। এ পর্যন্ত দুই হাজারেরও বেশি সদস্য এখান থেকে কারাতে প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে দুই শ তরুণী রয়েছেন।এম আবদুল্লাহ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মামুদপুর গ্রামের আবদুল্লাহ ১৯৭৮ সালে এইচএসসি পাসের পর ১৯৮১ সালে স্থানীয়ভাবে কারাতে প্রশিক্ষণ নেন। পরে ১৯৮৩ সালে বাংলাদেশ ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলামের কাছ থেকে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে সনদ লাভ করেন। ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ঢাকার মোহাম্মদপুরে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বার্মিজ প্রশিক্ষক খিং মং জি হাসান রামুর কাছে কারাতের বিশেষ প্রশিক্ষণ নেন। ’৮৯ সালে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট নেপালের নাগরিক টি এস রায়ের উপস্থিতিতে ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশন থেকে ‘ব্ল্যাক বেল্ট’ অর্জন করেন। আবদুল্লাহ ১৯৮৮-৮৯ সালে বাংলাদেশ শারীরিক শিক্ষা কলেজ থেকে বিপিএড পাস করে আরজত আতরজান উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর কারাতে আর ক্রীড়ার মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন। নেপালের জাতীয় কারাতে প্রতিযোগিতায় রেফারির দায়িত্বও পালন করেছেন তিনি।ওরা এখন আত্মবিশ্বাসী: কিশোরগঞ্জ আইডিয়াল স্কুলের বালিকা শাখার দশম শ্রেণীর ছাত্রী, শহরের চর শোলাকিয়ার আঁখি রানী বর্মণ জানায়, দুই বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে। ইতিমধ্যে সে ‘ইয়েলো বেল্ট’ অর্জন করেছে। আঁখি জানায়, শারীরিক ও মানসিক শক্তি অর্জন করতে কারাতের বিকল্প কিছু নেই। আরেক ইয়েলো বেল্টধারী রিনা বলে, ‘বখাটেরা আমাদের ধারে-কাছে ভিড়তে সাহস পায় না। আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি।’অ্যাসোসিয়েশনের ছাত্র নেয়ামত উল্লাহ নেপাল থেকে ‘ব্ল্যাক বেল্ট’ অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিবছর স্বাধীনতা ও বিজয় দিবসে স্থানীয় স্টেডিয়ামে প্রশিক্ষণার্থীরা কারাতের বিভিন্ন কৌশল দেখিয়ে দর্শকদের আনন্দ দিয়ে থাকেন। আবদুল্লাহর কাছে প্রশিক্ষিত শিল্পী আক্তার ও রূপা আক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হয়ে করিমগঞ্জ ও পাকুন্দিয়া উপজেলায় মেয়েদের কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন। শিল্পী ও রূপা বলেন, ‘ইয়েল দিলে অপরাধীদের মনোবল সিংহভাগ নষ্ট হয়ে যায়। বিপদ থেকে আত্মরক্ষা এবং বখাটেদের শায়েস্তা করার জন্য এটি একটি উত্তম কৌশল।’বিশিষ্টজনেরা বলেন: দেশের প্রবীণ ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী খান বলেন, কিশোরগঞ্জে কারাতের গোড়াপত্তন করেছেন আবদুল্লাহ। তিনি শুধু একজন কারাতের মানুষই নন। ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় তাঁর অবদান রয়েছে।কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, বর্তমান তরুণ-তরুণীরা যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে এ থেকে তাঁদের রক্ষা করা যায়। এ ক্ষেত্রে আবদুল্লাহর উদ্যোগ সর্বজনস্বীকৃত। তিনি তরুণ সমাজকে ভালো কাজে সংগঠিত করছেন।মেয়েদের জন্য: এম আবদুল্লাহর সঙ্গে গতকাল রাতে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, দেশের বর্তমান সমাজব্যবস্থায় মেয়েদের স্বাধীনভাবে চলাফেরা করা বেশ ঝুঁকিপূর্ণ। ইভ টিজিংসহ নানা উপদ্রব রয়েছে। তাই ভবিষ্যতে স্কুল ও কলেজের মেয়েদের কারাতে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে তিনি বেশি আগ্রহী হবেন, যাতে মেয়েরা আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারে।