কারাদণ্ড থেকে অব্যাহতি পেলেন জয়নাল হাজারী
অস্ত্র আইনে করা মামলার সাজার দায় থেকে অব্যাহতি পেলেন জয়নাল হাজারী। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।ফেনীর পৌর এলাকার লাভ মার্কেটের কার্যালয় থেকে বুলেট উদ্ধার করার পর ফেনী থানার উপপরিদর্শক (এসআই) ২০০১ সালের ১৭ আগস্ট হাজারির বিরুদ্ধে ওই মামলা করেছিলেন। ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর বিচারিক আদালতের রায়ে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজার রায় থেকে অব্যাহতি চেয়ে ২০০৯ সালে জয়নাল হাজারি হাইকোর্টে আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন ও রায়ের কার্যকারিতা স্থগিত করেন। রুলের ওপর পাঁচ কার্যদিবস চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। আদালতে হাজারির পক্ষে আইনজীবী এম সাইফুল আলম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক।পরে এম সাইফুল আলম প্রথম আলো অনলাইনকে বলেন, অস্ত্র আইনে করা মামলায় জয়নাল হাজারীর সাত বছরের কারাদণ্ড হয়েছিল অব্যাহতি চেয়ে তাঁর করা আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত সাজার রায় বাতিল ঘোষণা করেন।