কারাভোগ আর আদালতে হাজিরায় কাটল এক যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরার বাসিন্দা আবদুল কুদ্দুস একটি প্রতারণা মামলায় ১৯৯৭ সালে প্রায় ছয় মাস কারাভোগ করেন। শুধু তা-ই নয়, প্রায় এক যুগ নিয়মিত তাঁকে আদালতে হাজিরা দিতে হয়েছে। তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে কুদ্দুসের এই ভোগান্তি বলে মন্তব্য করেন আদালত। এখন বৃদ্ধ ওই কুদ্দুসের কোনো তথ্য নেই আদালতের কাছে।জানা গেছে, মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সালাম। গতকাল বুধবার আদালত ওই মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালত বলেন, অযোগ্য ও অদক্ষ ওই পুলিশ কর্মকর্তা চাকরিতে থাকলে নিরীহ মানুষের হয়রানি বাড়বে। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কাছে সুপারিশও করেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, এসআই সালামের ভুলের কারণে কারাভোগ ছাড়াও ১৯৯৭ থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত কুদ্দুসকে নিয়মিত চট্টগ্রামের আদালতে হাজিরা দিতে হয়েছে। এর পর থেকে আদালতের কাছে বৃদ্ধ কুদ্দুসের আর কোনো খোঁজ নেই। সর্বশেষ ২০০৯ সালের ২ এপ্রিল কুদ্দুস নোয়াখালী থেকে চট্টগ্রামের আদালতে এসে হাজিরা দেন। গতকাল রায় ঘোষণার সময় তাঁকে বা তাঁর কোনো আত্মীয়কে আদালতে দেখা যায়নি। এমনকি কুদ্দুসের পক্ষে কোনো কৌঁসুলি ছিলেন না।আদালত সূত্র জানায়, মো. শাহজাহান, আবদুল হাই ও শেখ ফরিদ নামের তিন ব্যক্তি ১৯৯৭ সালের ১৫ ফেব্রুয়ারি আবদুল কুদ্দুসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি পাঠান। এতে তাঁরা অভিযোগ করেন, কুদ্দুস জনৈক কাইজার উদ্দিন নাম ধারণ করে ১৯৭৩ সালে রেলওয়ে বিভাগে চাকরি নেন। ১৯৯২ সালের ৩০ ডিসেম্বর কাইজার গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চাকরি থেকে অবসর নেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অন্য এক কাইজারকে থানায় ডেকে পাঠান।মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি অভিযোগকারী তিন ব্যক্তিকে চেনেন কি না জানতে চাইলে কাইজার ‘না’ সূচক জবাব দেন। পরে ওসির পরামর্শে ১৯৯৭ সালের ৬ এপ্রিল কাইজার কুদ্দুসের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন থানার তৎকালীন এসআই সালাম। তিনি দায়সারা তদন্ত করে ১৯৯৮ সালের ৩০ মে কুদ্দুসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা সালামের তদন্ত মিথ্যা বলে প্রমাণ করেন রেলওয়ের কর্মকর্তা আন্দ্রিয় দ্রং। দ্রং আদালতে সাক্ষ্য দিতে এসে বলেন, ১৯৭৩ সালে রেলওয়ের করণিক পদে কাইজার নামের কেউ যোগ দেননি। তবে পাকিস্তান রেলওয়েতে কাইজার নামের এক ব্যক্তি যোগ দিয়েছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কাজে অনুপস্থিত থাকার কারণে তৎকালীন রেলওয়ে বিভাগ ওই কাইজারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। দ্রং আদালতে ওই কাগজপত্রও উপস্থাপন করেন। দ্রং আদালতকে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালের ১ ফেব্রুয়ারি কাইজারের চাকরি বাংলাদেশ রেলওয়েতে আত্মীকরণ করা হয়। সুতরাং ১৯৭৩ সালে নতুন কোনো কাইজার চাকরিতে যোগ দেননি।আদালত সূত্র আরও জানায়, মামলার বাদী কোম্পানীগঞ্জের কাইজার ১৯৭৩ সালে রেলওয়েতে চাকরির জন্য পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হননি। আর কুদ্দুস নামের কোনো ব্যক্তি কাইজার নাম ধারণ করে ১৯৭৩ সালে চাকরিতে যোগ দেননি।চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি রেল কর্মকর্তা দ্রংয়ের নথি পর্যালোচনা এবং আরও চার সাক্ষীর তথ্যের ভিত্তিতে কুদ্দুসকে খালাস দেন।