কারারক্ষীদের ধর্মঘটে ৫২ কয়েদি মুক্ত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সরকারি কর্মচারীরা ধর্মঘটে গেছেন। সেই ধর্মঘটে যোগ দিয়েছেন কারারক্ষীরাও। কারারক্ষীরাই ধর্মঘটে, তাহলে কয়েদিদের পাহারা দেবে কে? ঝামেলা কমাতে নিরুপায় হয়ে ৫২ জন কয়েদিকে নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।ঘটনাটি ঘটেছে নরওয়ের বিজয়ের্গভিন কারাগারে। কারারক্ষীদের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে যৌন ও সহিংস অপরাধের দায়ে দণ্ডিত ৫২ কয়েদির মধ্যে চারজনকে ৪৮ ঘণ্টা ও বাকি ৪৮ জনকে পাঁচ দিনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।কারাগারের ব্যবস্থাপক হ্যারাল্ড আস্যন বলেন, ‘ছেড়ে দেওয়া বেশ কিছু কয়েদি সহিংসতা, মাদক, অর্থবিষয়ক ও যৌন অপরাধে দণ্ডপ্রাপ্ত। এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি।’বিজয়ের্গভিন একটি উন্মুক্ত কারাগার। কিন্তু সেখানে এখনো অনেক দীর্ঘ মেয়াদে দণ্ডিত বন্দী রয়েছে।নরওয়ের উন্মুক্ত কারাগারে সাধারণ অপরাধে দণ্ডিত কয়েদিদের পুনর্বাসনের উদ্দেশ্যে রাখা হয়। তাঁদের প্রাকৃতিক পরিবেশে থাকারও সুযোগ দেওয়া হয়। কিন্তু ভয়ংকর অপরাধের কারণে দণ্ডিত কয়েদিদের উন্মুক্ত কারাগারে রাখা হয় না।