কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দারিদ্র্যমুক্তির অন্যতম উপায়: শিক্ষামন্ত্রী
কারিগরি ও কারিগরি শিক্ষা এ দেশের দারিদ্র্যমুক্তির অন্যতম সম্ভাবনাময় খাত। এ শিক্ষার মাধ্যমেই আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে।২০ জুন থেকে দেশব্যাপী অনুষ্ঠেয় ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১০’ পালন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেছেন। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।শিক্ষামন্ত্রী বলেন, দেশে এই প্রথম কারিগরি সপ্তাহ পালিত হতে যাচ্ছে। এ উদ্যোগ দেশের কারিগরি শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে যুগোপযোগী করতে এবং এ শিক্ষায় শিক্ষিত জনবলকে সামাজিকভাবে মর্যাদাবান করতে সহায়তা দেবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে মূল উপাদান হচ্ছে আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তিতে দক্ষ জনবল। বর্তমান সরকার এ খাতকে যথাযথ গুরুত্ব দিয়ে সদ্যপ্রণীত শিক্ষানীতিতে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি বিষয় অন্তর্ভুক্ত করেছে।আগামী ২০ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ- ২০১০’ এর উদ্বোধন করবেন। কারিগরি শিক্ষা সম্পর্কে জনমত সৃষ্টি, কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে এই প্রথম দেশে এ ধরনের শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’।সম্মেলনে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, যুগ্ম সচিব কে এম মোজাম্মেল হক, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক নিতাই চন্দ্র সূত্রধর, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেম উপস্থিত ছিলেন।