কারিগরি বিষয়ে উচ্চশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য এখন দেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। যা অর্জন করে পেশাগত উন্নয়ন সাধন করা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সুযোগ রয়েছে। তেমনি একটি প্রতিষ্ঠান টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ। এই প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিপ্লোমাধারী প্রার্থীদের দুই বছরে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় প্রতিষ্ঠানের বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি ফরম অবশ্যই ৩১ মার্চের মধ্যে কলেজ কার্যালয়ে জমা দিতে হবে। এখানে বছরে একবার ভর্তি নেওয়া হয়। যেসব কোর্সে ভর্তির সুযোগ আছে: এ প্রসঙ্গে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ্জাহান জানান, কারিগরি সেক্টরে দক্ষ জনবল তৈরির পাশাপাশি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ১৯৬৪ সাল থেকে এ ধরনের কোর্স পরিচালনা করে আসছে। বর্তমানে এ শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি কোর্স পরিচালিত হচ্ছে—১. ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন ও ২. বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন। দুটি কোর্সেই সিভিল টেকনোলজি, ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ও মেকানিক্যাল টেকনোলজি বিষয়ের যেকোনো একটি নিয়ে পড়ার সুযোগ আছে। এর মধ্যে সিভিল টেকনোলজিতে আবেদন করতে পারবেন: সিভিল ও আর্কিটেকচারে ডিপ্লোমা সনদধারী। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস টেকনোলজিতে যাঁরা আবেদন করতে পারবেন— ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও কম্পিউটার ডিপ্লোমাধারীরা। মেকানিক্যাল টেকনোলজিতে আবেদন করত পারবেন যন্ত্রকৌশল, শক্তিকৌশল, ফুড টেকনোলজি, কেমিকৌশল, অটোমোবাইল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ও সিরামিক্স বিষয়ে ডিপ্লোমা সনদধারী প্রার্থীরা। ভর্তির যোগ্যতা: এ প্রসঙ্গে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের অ্যাকাডেমিক ইনচার্জ এ টি এম হাবিবুল্লাহ জানান, এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন কোর্সের ক্ষেত্রে প্রার্থীর তিন বা চার বছর মেয়াদি ডিপ্লোমা সনদ ও ন্যূনতম জিপিএ-৩ পয়েন্ট থাকতে হবে। চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে। এ ছাড়া প্রার্থীকে অবশ্যই প্রতিষ্ঠানে উল্লিখিত যেকোনো একটি বিষয় নিয়ে ডিপ্লোমা পাস হতে হবে। দুই বছর মেয়াদি স্নাতক পর্যায়ে বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন কোর্সের ক্ষেত্রে প্রার্থীকে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন সনদপ্রাপ্ত হতে হবে। ডিপ্লোমা পর্যায়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক বছর মেয়াদি কোর্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদি স্নাতক পর্যায়ের কোর্স পরিচালিত হয়। প্রতিটি কোর্সে ৪০ জন শিক্ষক ও ৪০ জন সাধারণ প্রার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়। সপ্তাহে ছয় দিন ক্লাস হয়। ক্লাসের সময়সূচি সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত।আবেদন ও ভর্তিপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে ২০০ টাকা জমা দিয়ে কলেজ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ফরমের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার নম্বর ও সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ দুই কপি ছবি (পাসপোর্ট ও স্ট্যাম্প) এবং ফরম ফির রসিদের কপি জমা দিতে হবে।আগ্রহী প্রার্থীদের মোট ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা নৈর্ব্যত্তিক ও বর্ণনামূলক হয়ে থাকে। পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রশ্ন বেশি করা হয়। এ ছাড়া গণিত ও ইংরেজি বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞানসহ যেকোনো বিষয়ে জানতে চাওয়া হয়। ভর্তিপরীক্ষায় প্রার্থীকে উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে বলে জানান মো. শাহ্জাহান।খরচ যেমন: টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় এখানে খরচ খুব একটা বেশি নয়। খোঁজ নিয়ে জানা যায়, স্নাতক পর্যায়ে ভর্তি ফি, মাসিক বেতন, লাইব্রেরি রেজিস্ট্রেশন ও আনুষঙ্গিক সব মিলিয়ে প্রায় ১১ হাজার টাকা ও ডিপ্লোমা পর্যায়ে প্রায় চার হাজার ৬০০ টাকা খরচ হয়। কেন প্রয়োজন এ ধরনের ডিগ্রির: এ ধরনের কোর্সের গুরুত্ব সম্পর্কে এ টি এম হাবিবুল্লাহ বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সগুলো মূলত কারিগরি পেশার শিক্ষকদের মানোন্নয়নের জন্য পরিচালিত হয়ে থাকে। কারণ শিক্ষকদের হাত ধরেই পরবর্তী প্রজন্ম শিক্ষার আলো ছড়ায়। ফলে এই জায়গাতে যদি দক্ষতার ঘাটতি থাকে, তা হলে শিক্ষার্থীরা পরিপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই যাঁরা কারিগরি বিষয়ে শিক্ষকতা পেশায় আসতে চান, তাঁদের জন্য এই কোর্স খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া দিন দিন প্রযুক্তি ও শিক্ষাপদ্ধতি আধুনিকায়ন হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে এ ধরনের কোর্সের বিকল্প নেই। এ কোর্স করা থাকলে কর্মক্ষেত্রে সহজেই পদোন্নতির সুযোগ পাওয়া যায়। এখানে তাত্ত্বিক ও ব্যবহারিক দুই দিকেই সমান গুরুত্ব দিয়ে শেখানো হয়। ফলে শিক্ষকতা পেশা ছাড়াও অন্যান্য খাতেও কাজের প্রচুর সুযোগ আছে।আরও জানতে যোগাযোগ করুন: টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, তেজগাঁও, ঢাকা-১২০৮।